২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসপিপত্নী মিতু হত্যায় ভোলাসহ ৩ জন রিমান্ডে

চট্টগ্রামে এসপিপত্মী মাহমুদা আক্তার মিতু হত্যা মামলায় ‘খুনিদের অস্ত্র সরবরাহকারী’ এহেতাশামুল হক ওরফে ভোলাসহ তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2016, 07:55 PM

Updated : 12 Apr 2022, 02:28 AM

অপর দুজন হলেন- মো. শাহজাহান মিয়া (২৮) ও সাইদুল আলম শিকদার ওরফে সাকু (৪৫)। এদের মধ্যে সাইদুল হত্যাকাণ্ডে অন্যতম সন্দেহভাজন কামরুল ইসলাম শিকদার ওরফে মুছার বড়ভাই। তার  বিরুদ্ধে হত্যাকাণ্ডে ব্যবহৃত মটরসাইকেল সরবরাহের অভিযোগ আনা হয়েছে।

চট্টগ্রাম মহানগর হাকিম হারুনুর রশিদ রোববার তাদের হেফাজত মঞ্জুর করেন বলে আাদলত পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্ত্তী জানান।

গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রাম নগরীর ও আর নিজাম রোডে সন্ত্রাসীদের গুলি ও ধারাল অস্ত্রের আঘাতে নিহত হন এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু।

এ মামলায় গ্রেপ্তার আনোয়ার ও ওয়াসিমের দেওয়া জবানবন্দিতে অস্ত্র সরবরাহকারী হিসেবে ভোলা (৪২) এবং হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারী হিসেবে শাহজাহানের নাম আসে।

তাদের স্বীকারোক্তির পর গত ২৮ জুন নগরীর বাকলিয়া থেকে ভোলা ও তার সহযোগী মনিরকে দুটি অস্ত্রসহ গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।

ভোলাকে অস্ত্র ও হত্যা মামলায় এবং মনিরকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। তাদের দুজনকে অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এর আগে তিনদিন করে হেফাজতে নিয়েছিল পুলিশ।

এদিকে গত ১ জুলাই রাঙ্গুনিয়া থেকে সাইদুল ইসলাম শিকদার ওরফে সাকু ও শাহজানকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।

ওইদিন তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতের আবেদন করা হলে আদালত ১৭ জুলাই রিমান্ড শুনানির দিন রাখে।

পুরনো খবর:

মিতু হত্যায় মুছার ভাইসহ গ্রেপ্তার দুজন কারাগারে