২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিতু হত্যার ‘অস্ত্রদাতা’ ভোলা রিমান্ডে

চট্টগ্রামে এসপিপত্নী মাহমুদা আক্তার মিতু হত্যার সন্দেহভাজন অস্ত্র সরবরাহকারী এহেতাশামুল হক ভোলাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2016, 06:25 PM

Updated : 20 Aug 2022, 01:10 PM

রোববার চট্টগ্রাম মহানগর হাকিম আব্দুল কাদের এ আদেশ দেন বলে জানিয়েছেন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্ত্তী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ভোলা ও তার সহযোগী মনিরকে বাকলিয়া থানার এক অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত তিনদিন মঞ্জুর করেছেন।”

গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের ও আর নিজাম রোডে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয় এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতুকে।

গত ২৮ জুন ভোলা ও মনিরকে দুটি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। পরে অস্ত্র উদ্ধারের ঘটনায় বাকলিয়া থানায় মামলা হয়। 

পুলিশের ধারণা, তাদের কাছ থেকে উদ্ধার করা পয়েন্ট ৩২ বোরের দেশি রিভলবার ও ৭ দশমিক ৬৫ বোরের পিস্তলটি মিতু হত্যায় ব্যবহৃত হয়েছে।

ভোলাকে মিতু হত্যা ও অস্ত্র আইনের মামলায় আসামি করা হলেও মনিরকে শুধু অস্ত্র আইনে গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তারের দিনই তাদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ।

পুরনো খবর:

মিতু হত্যা: ভোলা ও মনিরকে রিমান্ডে চায় পুলিশ
মিতু হত্যা: আরও দুইজন অস্ত্রসহ গ্রেপ্তার