চট্টগ্রামে পাঁচ যুবক গ্রেপ্তার, পুলিশের দাবি আনসারুল্লাহ সদস্য
চট্টগ্রামের পতেঙ্গা থেকে পাঁচ যুবককে গ্রেপ্তার করা হয়েছে, যাদেরকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলছে পুলিশ।
রোববার রাতে কাঠগড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) নাজমুল হাসান জানিয়েছেন।
গ্রেপ্তাররা হলেন- আক্কাস আলী ওরফে নয়ন, আতিকুল হাসান ওরফে ইমন, জামশেদুল আলম ওরফে হৃদয়, মো. রুবেল ও মো. মহিউদ্দিন।
“২১ থেকে ২৪ বছর বয়সী এসব যুবক আনসারউল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য,” বলেন পুলিশ কর্মকর্তা নাজমুল হাসান।
তাদের কাছে দুটি ল্যাপটপ, সাতটি মোবাইল ফোন, ১১টি জিহাদি বই পাওয়া গেছে বলে জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার রাতে বায়েজিদ বোস্তামী থানার কুলগাঁও এলাকার একটি বাসা থেকে দিনাজপুর মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র আব্দুল হান্নান ওরফে আব্দুল্লাহ ওরফে লাদেনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
পুলিশের ভাষ্য, ঠাকুরগাঁও সদর উপজেলার ইমতাজুর রহমানের ছেলে আব্দুল্লাহ ঠাকুরগাঁও এলাকায় আনসারুল্লাহর অন্যতম সংগঠক। সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতেই তার চট্টগ্রামে আসা।
আবদুল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ।
আবদুল্লাহর বড় ভাই আবুল হাসনাতও আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য বলে দাবি পুলিশের। কয়েক সপ্তাহ আগে ঠাকুরগাঁওয়ে চাপাতিসহ গ্রেপ্তার হন হাসনাত।
