মিতু হত্যা: সাকু দ্বিতীয় দফায় রিমান্ডে
চট্টগ্রামে এসপিপত্মী মাহমুদা আক্তার মিতু হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাইফুল আলম শিকদার ওরফে সাকুকে ফের একদিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেহ মোহাম্মদ নোমান মঙ্গলবার তাকে হেফাজতে নেওয়ার এ অনুমতি দেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্ত্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত একদিনের রিমাণ্ড মঞ্জুর করে।
এর আগে গত ১৭ জুলাই অন্য দুই আসামি এহতেশামুল হক ভোলা ও শাহাজাহান মিয়ার সাথে সাকুকেও তিন দিনের রিমান্ডে পেয়েছিল পুলিশ। এ নিয়ে সাকুকে দ্বিতীয় দফায় রিমান্ডে পাচ্ছে তারা।
মিতু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার কয়েকজন মুছা নামে এক ব্যক্তির নির্দেশে হত্যাকাণ্ডে অংশ নেওয়ার কথা জানায় বলে দাবি করেছে পুলিশ। সাকু ওই মুছার ভাই।
গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রাম নগরীর ও আর নিজাম রোডে সন্ত্রাসীদের গুলি ও ধারাল অস্ত্রের আঘাতে নিহত হন এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু।
এ মামলায় গ্রেপ্তার আনোয়ার ও ওয়াসিমের দেওয়া জবানবন্দিতে অস্ত্র সরবরাহকারী হিসেবে ভোলা (৪২) এবং হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারী হিসেবে শাহজাহানের নাম আসে।
মাহমুদা আক্তার মিতু
ভোলাকে অস্ত্র ও হত্যা মামলায় এবং মনিরকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। তাদের দুজনকে অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এর আগে তিনদিন করে হেফাজতে নিয়েছিল পুলিশ।
এরপর গত ১ জুলাই রাঙ্গুনিয়া থেকে সাইদুল ইসলাম শিকদার ওরফে সাকু ও শাহজাহানকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।
