ছাত্রলীগের কর্মসূচিতে বাধার অভিযোগ
সাধারণ শিক্ষার্থীদের উপর ‘বহিরাগতদের’ হামলার প্রতিবাদে মানববন্ধনে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ।
রোববার চট্টগ্রাম কলেজের সামনের রাস্তায় পুলিশ কর্মসূচির ব্যানার কেড়ে নেওয়ার পাশাপাশি মানববন্ধনে আগতদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় বলে সরকার সমর্থক সংগঠনটির নেতাদের অভিযোগ।
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের নেতা মাহমুদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোরন ডটকমকে বলেন, “গতকাল চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আমরা আজ সকালে মানববন্ধনের আয়োজন করি। শান্তিপূর্ণ সে মানববন্ধনে হঠাৎ পুলিশ এসে ব্যানার কেড়ে নিয়ে সমবেতদের ছত্রভঙ্গ করে দেয়।”
মাহমুদুল করিম বলেন, বাড়ি ফেরার পথে চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলা করে বহিষ্কৃত ফারুক ইসলামের অনুসারীরা। পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।
অভিযোগ অস্বীকার বলে চকবাজার থানার ওসি আজিজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। চট্টগ্রাম কলেজে আজ সব পক্ষই শান্তিপূর্ণ মিছিল-সমাবেশ করেছে। পুলিশ কাউকে কোনো বাধা দেয়নি।”
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক ইসলামকে বহিষ্কারের প্রতিবাদে শনিবার সড়ক অবরোধ করেছিল তার সমর্থকরা।
ফারুক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির অনুসারী হিসেবে পরিচিত।
ফারুকের সমর্থকদের বিরুদ্ধে চট্টগ্রাম কলেজের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ করে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির সমর্থক হিসেবে পরিচিত চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ।
