২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিদের প্রধান শত্রু পুলিশ: চট্টগ্রামের এসপি

শোলাকিয়াসহ বিভিন্ন সময় পুলিশের উপর হামলার ঘটনাগুলো দেখিয়ে চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) নুরে আলম মিনা বলেছেন, জঙ্গিদের প্রধান শত্রু পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2016, 09:23 PM

Updated : 20 Aug 2022, 01:15 PM

বৃহস্পতিবার নগরীর হালিশহরে জেলা পুলিশ লাইনে ‘বিশেষ কল্যাণ সভা’য় তিনি একথা বলে বাহিনীর সদস্যদের ঝুঁকি নিতে প্রস্তত থাকার আহ্বান জানান।

পুলিশ সদস্যদের উদ্দেশে নুরে আলম মিনা বলেন, “জঙ্গিদের প্রধান শত্রু পুলিশ। যে কোনো সময় জঙ্গিরা পুলিশ বাহিনীর উপর হামলা করতে পারে। এই বিষয়টি বিবেচনায় এনে পুলিশ বাহিনীকে সব সময় সতর্ক থাকতে হবে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রামবাসীকে নিয়ে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, অপরাধ দমন ও মাদক ব্যবসা রোধ পুলিশের একার পক্ষে সম্ভব নয়। তাই অপরাধীকে চিহ্নিত করতে কমিউনিটি পুলিশিংয়ের কোনো বিকল্প নেই।

সম্প্রতি চট্টগ্রাম জেলা পুলিশের বিদায়ী পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হন।

এরপর চট্টগ্রামের পুলিশ সুপার পদে নুরে আলম মিনাকে নিয়োগ দেওয়া হয়। যোগদানের পর এটিই তার প্রথম বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মসিউদ্দোলা রেজা ও এমরান হোসেন ভুঁইয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম।