২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘আনসারুল্লাহর সদস্য’ ৪ জন তৃতীয় দফায় রিমান্ডে

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সন্দেহে গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় হেফাজতে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2016, 07:15 PM

Updated : 11 Oct 2022, 08:31 PM

পুরনো খবর:

চট্টগ্রামে ৪ ‘আনসারউল্লাহ সদস্য’ রিমান্ডে
আনসারুল্লাহ সদস্যরা ‘একে অন্যকে চিনতেন না’

চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহীদুল ইসলাম বুধবার এ আদেশ দেন।

চট্টগ্রাম জেলা আদালতের পরিদর্শক (প্রসিকিউশন) এইচ এম মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সীতাকুণ্ড থানার অস্ত্র আইনের মামলায় পুলিশের পক্ষ থেকে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চাওয়া হয়।

“আদালত প্রত্যেকের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে দুই দফায় সীতাকুণ্ড থানার সন্ত্রাস বিরোধী আইনে তাদের রিমান্ডে নেওয়া হয়েছিল।”

রিমান্ডে পাওয়া আনসারুল্লাহ সদস্যরা হলেন- মুসআব ইবনে উমাইর ওরফে পিকলু দাশ (২৫), মো. শিপন ওরফে ফয়সাল (২৫), খোরশেদ আলম (৩১) ও রাসেল মো. ইসলাম (৪১)।

গত ১৭ জুলাই এই চার ‘আনসারুল্লাহ সদস্যকে’ তিন দিনের এবং তার আগে ১২ জুলাই পাঁচ দিনের রিমান্ডে পেয়েছিল পুলিশ।

এর আগে গত ১০ জুলাই সীতাকুণ্ডের বাড়বকুণ্ড থেকে তাদের গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।

তাদের কাছ থেকে চারটি চাপাতি, চারটি কিরিচ, ছয়টি মোবাইল ও একটি করে ল্যাপটপ ও ট্যাব এবং সরকারবিরোধী ও জঙ্গি সমর্থক ‘বেশ কিছু তথ্য’ পাওয়ার কথাও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

গ্রেপ্তারদের মধ্যে মুসআব চট্টগ্রামের পটিয়া, খোরশেদ আনোয়ারা, রাসেল সীতাকুণ্ড উপজেলা এবং শিপনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

এই চার জনের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৩ জুলাই রাতে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকা থেকে আরিফুল মোস্তফা এবং ফটিকছড়ি উপজেলার নাজিরহাট থেকে তৌহিদুল আলম মানিককে গ্রেপ্তার করে পুলিশ।

গত ১৬ জুলাই সীতাকুণ্ড থানার অস্ত্র আইনের ওই মামলায় আরিফুল ও মানিককে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেয় আদালত।