নাশকতার মামলায় আসলাম চৌধুরী রিমান্ডে
‘মোসাদ ষড়যন্ত্রের’ অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা আসলাম চৌধুরীকে চট্টগ্রামের একটি নাশকতার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।
রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির এই যুগ্ম মহাসচিবের জামিন আবেদন ঢাকায় হাই কোর্টে খারিজ হওয়ার দিন সোমবারই
চট্টগ্রাম মহানগর হাকিম হারুনুর রশিদ নাশকতার মামলায় রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।
চট্টগ্রামের আদালত পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কোতোয়ালি থানার এই মামলায় পুলিশ সাত দিন রিমান্ডের আবেদন করেছিল। বিচারক শুনানি শেষে তিন দিন মঞ্জুর করেছেন।”
এর আগে গত ১১ জুলাই আসলাম চৌধুরীকে একই মামলায় ১০ দিনের রিমান্ডের অনুমতি চাইলে মহানগর হাকিম কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছিলেন।
বিএনপি জোটের হরতাল-অবরোধের মধ্যে ২০১৪ সালের ২ নভেম্বর চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেস এলাকায় যানবাহন লক্ষ্য করে পেট্রোল বোমা ও হাতবোমা ছোড়া হলে এক রিকশাচালক আহত হন।
ওই ঘটনায় চট্টগ্রামের বিএনপি নেতা আসলাম চৌধুরীসহ দলের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করে পুলিশ।
বন্দি আসলাম চৌধুরী (ফাইল ছবি)
২০১৪ সালের জানুয়ারিতে দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে-পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার ইন্ধন ও অর্থদাতাদের মধ্যে আসলাম চৌধুরী অন্যতম বলে দাবি পুলিশের।
বিএনপিতে যোগ দিয়ে এক দশকের কম সময়ের মধ্যে দলের চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সাধারণ সম্পাদক হওয়ার পর সম্প্রতি দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হন আসলাম।
চলতি বছর ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পাটির সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে একটি ছবি গণমাধ্যমে আসার পর তা নিয়ে আলোচনার মধ্যে গত ১৫ মে ঢাকায় গ্রেপ্তার হন তিনি।
এরপর ইসরায়েলের সঙ্গে মিলে বাংলাদেশে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা হয় তার বিরুদ্ধে।
