২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই আনসারুল্লাহ সদস্য রিমান্ডে 

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2016, 09:52 PM

Updated : 20 Aug 2022, 01:12 PM

শনিবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. শহীদুল ইসলাম এ আদেশ দেন।

রিমান্ডে পাওয়া দুই আনসারুল্লাহ সদস্য হলেন তৌহিদুল আলম ওরফে মানিক এবং আরিফুল মোস্তফা।

চট্টগ্রাম জেলা আদালতের পুলিশ পরিদর্শক এইচ এম মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সীতাকুণ্ড থানার একটি অস্ত্র মামলায় ওই দুই জনকে সাত দিন করে রিমান্ডে চেয়ে আবেদন করা হয়। আদালত চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছে।

গত বুধবার রাতে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকা থেকে আরিফুল মোস্তফাকে এবং ফটিকছড়ি উপজেলার নাজিরহাট থেকে তৌহিদুল আলম মানিককে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে গত রোববার গভীর রাতে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অনন্তপুর থেকে আনসার উল্লাহ বাংলা টিমের চার সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই মানিক ও আরিফুলকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।

সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার চারজন হলেন- মুসআব ইবনে উমাইর (২৫), মো. শিপন ওরফে ফয়সাল (২৫), খোরশেদ আলম (৩১) ও রাসেল মো. ইসলাম (৪১)।

রোববার গ্রেপ্তার চার জনের কাছ থেকে চারটি চাপাতি, চারটি কিরিচ, ছয়টি মোবাইল এবং একটি করে ল্যাপটপ ও ট্যাব উদ্ধার করা হয়।

রোববার গ্রেপ্তার চার জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একটি ও অস্ত্র আইনে আরেকটি মামলা করে পুলিশ। 

গত বৃহস্পতিবার আরিফুল মোস্তফাকে আদালতে হাজির করে ওই ঘটনায় করা অস্ত্র মামলায় রিমান্ডের আবেদন করা হয়।

পাশাপাশি সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেপ্তার তৌহিদুল আলম গত বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পুরনো খবর:

আনসারুল্লাহর আরেক সদস্যকে গ্রেপ্তার, রিমান্ডে চায় পুলিশ
চট্টগ্রামে আনসারুল্লাহর আরও একজন গ্রেপ্তারের পর কারাগারে