২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জঙ্গি তৎপরতা ঠেকাতে কমিটি করবে নগর আ.লীগ

সাম্প্রতিক সময়ে দেশজুড়ে উগ্রপন্থিদের হামলা ও কুপিয়ে হত্যার ঘটনায় বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে চট্টগ্রামে জঙ্গি তৎপরতা রুখতে প্রতি ওয়ার্ডে কমিটি করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2016, 08:45 PM

Updated : 11 Oct 2022, 08:29 PM

সোমবার নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত জঙ্গিবাদ বিরোধী ১৪ দলের এক সমাবেশ থেকে এ ঘোষণা দেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

সমাবেশের বক্তব্যে মহিউদ্দিন চৌধুরী ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি করার ঘোষণা দিয়ে যে কোনো ধরনের জঙ্গিবাদী তৎপরতা রুখতে ‘বিপ্লবী চেতনা নিয়ে’ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, “আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাদের তালিকা তৈরি করা হচ্ছে; এ তালিকা পুলিশের কাছে জমা দেওয়া হবে। পুলিশের সাথে সমন্বয়ের মাধ্যমে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ নিয়ে গঠিত এ কমিটি কাজ করবে।

“হাতে লাঠি ও মুখে হুইসেল নিয়ে কমিটির সদস্যরা দিনরাত পালা করে প্রতি এলাকায় পাহাড়া দেবে। প্রতিবাদের দিন শেষ, এখন প্রতিরোধ করার পালা।”

জামায়াত-শিবিরের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে সহযোগী না হতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে চট্টগ্রাম নগরীর সাবেক এই মেয়র বলেন, অন্তর থেকে আওয়ামী লীগ করবেন।

“আওয়ামী লীগের ছত্রছায়ায় থাকবেন আর জামায়াত-শিবিরের সহযোগী হয়ে ব্যবসা-বাণিজ্য করবেন, তা হবে না।”

নিজের দলেও জামায়াত-শিবিরের অনুপ্রবেশ ঘটেছে মন্তব্য করে আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন বলেন, “জামায়াত-শিবিরের লোকজন আমাদের দলে ঢুকছে। টাকা-পয়সা খরচ করে তারা সহজে সবার আপনজন হয়ে উঠে।

“আমাদের ছত্রছায়ায় থেকে অপকর্ম করছে অনেকে। জামায়াত-শিবিরকে প্রশ্রয় দেবেন না। ব্যবসা-বাণিজ্যে সহযোগী হবেন না। নিজের সন্তানদের প্রতি খেয়াল রাখবেন যাতে তারা জঙ্গিবাদের দিকে না ঝুঁকে।”

যারা মসজিদে নববীতে হামলা চালিয়ে মানুষ হত্যা করে, ঈদের দিনেও ইসলামের নামে যারা মানুষ হত্যা করে তারা ইসলামের ছদ্মবেশে ইসলামের ক্ষতি করছে বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী বলেন, “জঙ্গিবাদের সুঁতা হোয়াইট হাউজে।”

বিদেশি আগ্রাসনের প্রেক্ষিত তৈরি করতেই এসব হামলার ঘটনা ঘটানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।

নুরুল আলম চৌধুরী বলেন, ১৯৭৫ সাল থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ চেয়ে আসছে সেনা ঘাটি করার জন্য, যাতে তারা উদীয়মান শক্তি চীন ও ভারতের উপর মাতব্বরী করতে পারে।

“বঙ্গবন্ধু সে সময় তাদের কাছে নতি স্বীকার করেননি। ফলে তারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্রের ফাঁদ পেতেছিল।”

৪৫ বছর পর সেই পুরনো খেলা আবার শুরু হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, “যে জাতি ত্রিশ লাখ শহীদের বিনিময়ে দেশ স্বাধীন করেছে সে জাতি কোনো পরাশক্তির কাছে মাথা নোয়াবে না।

সমাবেশে অন্যদের মধ্যে সাংসদ ওয়াসিকা আয়েশা খান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, ওয়ার্কাস পার্টি নেতা আবু হানিফ ও জাসদ নেতা ইন্দু নন্দন দত্ত উপস্থিত ছিলেন।