নাশকতার মামলায় আসলামকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি
ইসরায়েলের রাজনীতিবিদের সঙ্গে মিলে বাংলাদেশে সরকার উৎখাতের ষড়যন্ত্রের মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা আসলাম চৌধুরীকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার বিস্ফোরক আইনে করা একটি মামলায় জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
চট্টগ্রামের মহানগর হাকিম নওরিন আক্তার কাকন পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি শেষে সোমবার এ আদেশ দেন।
চট্টগ্রাম পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোতোয়ালি থানার বিস্ফোরক আইনের একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আসলাম চৌধুরীকে ১০ দিনের হেফাজতে চায় পুলিশ।
“আদালত তাকে জেল গেইটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন।”
শুনানির সময়ে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আবার তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা নির্মলেন্দু বিকাশ।
২০১৪ সালের ২ নভেম্বর নগরীর কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় যানবাহন লক্ষ্য করে পেট্রোল বোমা ও ককটেল ছুড়ে মারে বিএনপি নেতাকর্মীরা। এতে এক রিকশাচালক আহত হন।
এ ঘটনায় আসলাম চৌধুরীসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলাটি করা হয়।
২০১৪ সালের জানুয়ারিতে দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে-পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার ইন্ধন ও অর্থদাতাদের মধ্যে আসলাম চৌধুরী অন্যতম বলে দাবি পুলিশের।
বিএনপিতে যোগ দিয়ে এক দশকের কম সময়ের মধ্যে দলের চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সাধারণ সম্পাদক হওয়ার পাশাপাশি সম্প্রতি দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হন আসলাম।
চলতি বছর ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পাটির সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে একটি ছবি গণমাধ্যমে আসার পর তা নিয়ে আলোচনার মধ্যে গত ১৫ মে ঢাকায় গ্রেপ্তার হন তিনি।
লিকুদ পার্টির সদস্য মেন্দি এন সাফাদি ইসরায়েলের বর্তমান সরকারের উপমন্ত্রী এম কে আয়ুব কারার একজন সাবেক উপদেষ্টা। তিনি নিজের নামে মেন্দি এন সাফাদি সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি অ্যান্ড পাবলিক রিলেশনস নামে একটি প্রতিষ্ঠান চালান।
সম্প্রতি ভারতের এক সম্মেলনে তাদের দুজনের সাক্ষাতের ছবি ও খবর গণমাধ্যমে এলে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে বিএনপি ইহুদি রাষ্ট্র ইসরায়েল এবং দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে মিলে ‘ষড়যন্ত্র’ করছে।
এ ঘটনায় আটকের পর গত ২৬ মে রাজধানীর গুলশান থানায় আসলামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়, যেখানে ফৌজদারি দণ্ডবিধির ১২০/বি (রাজনৈতিক ষড়যন্ত্র), ১২১/এ (রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ষড়যন্ত্র) এবং ১২৪/এ (রাষ্ট্রদ্রোহ) ধারায় অভিযোগ আনা হয়।
বিএনপি নেতা আসলামের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা ও মহানগরী মিলিয়ে নাশকতার অভিযোগেও ১৮টি মামলা রয়েছে।
এছাড়া পূবালী ব্যাংক সিডিএ কর্পোরেট শাখার ৩৬ কোটি আট লাখ টাকার আটটি চেক প্রতারণা মামলায় গত ২০ জুন তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয় চট্টগ্রামের একটি আদালত।
