চট্টগ্রামে বাদল হত্যার আসামি কুদ্দুস গ্রেপ্তার
চট্টগ্রামে সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান বাদল হত্যার আসামি আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে বায়েজিদ বোস্তামী থানার সাংবাদিক পাহাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ওসি মোহাম্মদ মহসিন জানিয়েছেন।
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনের সমর্থক কুদ্দুস নগরীতে ‘কানা কুদ্দুস’ নামে পরিচিত।
ওসি মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কুদ্দুসকে গ্রেপ্তার করা হয়।
“কুদ্দুস বায়েজিদ বোস্তামী থানার তালিকাভুক্ত ১০ নম্বর সন্ত্রাসী ও যুবলীগ নেতা মেহেদী হাসান বাদল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।”
বায়েজিদ বোস্তামী ও চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় সরকার দলীয় রাজনীতিতে সক্রিয় কুদ্দুস নিজেকে যুবলীগ নেতা হিসেবে পরিচয় দেন।
গত বছরের ১ সেপ্টেম্বর রাতে শের শাহ কলোনিতে নিজ বাসার সামনে গুলি করে হত্যা করা হয় পাঁচলাইশ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও নগর যুবলীগের কর্মী মেহেদী হাসান বাদলকে।
নিহত বাদলও নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
হত্যাকাণ্ডের পর মেহেদীর স্বজনরা দাবি করেছিলেন, স্থানীয় সন্ত্রাসী শফি, কুদ্দুস, সাদ্দাম ও তাদের অনুসারী সন্ত্রাসীরা মেহেদীকে হত্যা করেছে।
এই ঘটনার কয়েকদিন পর নিহত মেহেদীর স্ত্রী মোবাশ্বেরা বেগম বাদি বায়েজিদ থানায় ২২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
