পাহাড় কাটার ক্ষতিপূরণ ২২ লাখ টাকা
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করে প্রকল্প বাস্তবায়নের অভিযোগে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে সাড়ে ২২ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলেছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মকবুল হোসেন শুনানি শেষে বাপেক্সের ওই প্রকল্পে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোনালিসা ট্রেডার্সকে এই ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেন।
অধিদপ্তরের সহকারী পরিচালক (কারিগরী) বদরুল হুদা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “মোনালিসা ট্রেডার্স রাঙ্গুনিয়ার বড়ঘোনা এলাকায় বাপেক্সের একটি প্রকল্প বাস্তবায়নের কাজ করছিল পাহাড় কেটে। গত ১৭ মে অধিদপ্তরের কর্মকর্তারা সরেজমিন পরিদর্শনে পাহাড় কেটে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতির প্রমাণ পায়।”
এর পরিপ্রেক্ষিতে সোমবার পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে শুনানি শেষে এ ক্ষতিপূরণ নির্ধারণ করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানকে আগামী ৩০ জুনের মধ্যে ক্ষতিপূরণের অর্থ প্রদানের নির্দেশ দেয়া হয়।
