২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ও মহসিন কলেজ থেকে ছাত্রলীগকে বের করে দিল পুলিশ   

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের পর চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ থেকে ছাত্রলীগ নেতা-কর্মীদের বের করে দিয়েছে পুলিশ। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2016, 05:22 PM

Updated : 20 Aug 2022, 01:02 PM

সোমবার সকালে দুটি কলেজ থেকে সরকার সমর্থক নেতা-কর্মীদের বের করে দেওয়া হয়। এসময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তিতে এক পুলিশসহ তিনজন আহতও হন।

চট্টগ্রাম আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের সমর্থক ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দুই দিন ধরে সংঘর্ষের পর পুলিশ এই পদক্ষেপ নিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে পাশাপাশি দুই প্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজে ছাত্রলীগকর্মীরা অবস্থান নিলে পুলিশ গিয়ে তাদের ক্যম্পাস থেকে চলে যেতে বলে। এসময় তারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করলে লাঠিপেটা করা হয়।

একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম চলাকালীন দুই পক্ষের এই সংঘর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম কলেজ কর্তৃপক্ষ সোম ও মঙ্গলবার কলেজে ক্লাস বন্ধের ঘোষণা দেয়।

চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ জেসমিন আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সোম ও মঙ্গলবার ক্লাস ছুটি থাকবে।

এই দুই দিন ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং পরীক্ষার্থী ছাড়া অন্য শিক্ষার্থীদের কলেজে আসতে নিষেধ করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে সাবেক মেয়র মহিউদ্দিনের অনুসারী চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের নেতা মাহমুদুল করিমের অভিযোগ, পুলিশ বিনা উস্কানিতে তাদের উপর লাঠি চালিয়েছে। এতে তিনিসহ তিনজন আহত হয়েছেন।

“সকালে কলেজ ড্রেস পরে ক্যাম্পাসে ঢোকার সময় চকবাজার থানার ওসি পুলিশ দিয়ে আমার দেহ তল্লাশি করায়। আমি কলেজে  ঢুকতে চাইলে পুলিশ আমাকে লাঠিচার্জ করে,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।

লাঠিপেটার অভিযোগ অস্বীকার করে চকবাজার থানার ওসি আজিজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কলেজে ক্লাস ছুটি থাকায় কলেজের প্রিন্সিপ্যাল ম্যাডাম ও কমিশনার স্যারের নির্দেশে ভর্তিচ্ছু শিক্ষার্থী ছাড়া কাউকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয়নি।”

কলেজের ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ দুটিতেই একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ওসি।

তিনি বলেন, “বহিরাগতদের ক্যাম্পাস থেকে চলে যাওয়ার কথা বলা হলে চট্টগ্রাম কলেজের ছাত্রলীগ নেতা মাহমুদুল পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায়। এসময় মাটিতে পড়ে এক কনস্টেবল সামান্য আহত হন।”

তিন দশকেরও বেশি সময় ধরে ইসলামী ছাত্রশিবিরের নিয়ন্ত্রণে ছিল চট্টগ্রামের সরকারি দুই শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন কলেজ।

গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে শহীদ মিনারে ফুল দেয়া নিয়ে ছাত্র শিবিরের সঙ্গে সংঘর্ষের পর কলেজ দুটি নিয়ন্ত্রণে নেয় ছাত্রলীগের একটি অংশ, যারা সাবেক মেয়র মহিউদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।

এরপর নাছির সমর্থক ছাত্রলীগের অন্য অংশ কলেজ দুটিতে তৎপরতা চালাতে গেলে দুই পক্ষে মারামারি বাঁধে।

ছাত্রলীগের নিন্দা

চট্টগ্রাম কলেজে শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিপেটার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে মহানগর ছাত্রলীগ।

সভাপতি ইমরান আহমেদ ইমু স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, “স্বাধীনতাবিরোধী অপশক্তিকে বিনা রক্তপাতে সরিয়ে দেওয়ার পর থেকে চট্টগ্রাম কলেজে একটি অশুভ শক্তি শিক্ষার পরিবেশ ধ্বংস করার পাঁয়তারা করছে। প্রশাসনের একটি অংশ বহিরাগতদের পৃষ্ঠপোষকতা করছে।”

পুলিশের একটি অংশের ‘প্রশ্রয়ে’ বহিরাগতরা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করছে বলে অভিযোগ করেন তিনি।

“শুধু তাই নয়, তারা ছাত্র সংসদে ভাঙচুর করছে, ক্যাম্পাসে আতংক তৈরি করে শিক্ষার পরিবেশ নষ্ট করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

পুরনো খবর:

চট্টগ্রাম কলেজে ফের সংঘাতে ছাত্রলীগের দুই পক্ষ