২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ীর ‘ঘুষিতে’ ছিনতাইকারী কুপোকাৎ

চট্টগ্রাম নগরীতে এক ব্যবসায়ীর প্রতিরোধের মুখে জনতার হাতে ধরা পড়েছে এক ছিনতাইকারী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2016, 06:16 PM

Updated : 12 Apr 2022, 02:16 AM

বুধবার দুপুরে দেশের ভোগ্যপণ্যের ‍বৃহত্তম পাইকারী বাজার খাতুনগঞ্জে এ ঘটনা ঘটে।

শাহ আলম (৩৮) নামের ওই ছিনতাইকারীকে জনতা আটক করলেও তার তিন সহযোগী পালিয়ে গেছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার এএসআই সাইফুল আজাদ।

টেরিবাজারের কাপড় ব্যবসায়ী মো. সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খাতুনগঞ্জের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে ব্যবসায়িক প্রয়োজনে এক লাখ ১৫ হাজার টাকা তুলে রাস্তায় আসতেই চারজন আমাকে ঘিরে ধরে।

“আমার হাতে থাকা টাকার বান্ডিল ছিনিয়ে নেওয়ার সময় একজনকে ঘুষি মেরে ফেলে দিলে বাকি তিন ছিনতাইকারী পালিয়ে যায়। পরে ওর কাছ থেকে এক লাখ টাকা উদ্ধার করি।”

পরে স্থানীয়রা তাকে পিটিয়ে টেরিবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে নিয়ে পুলিশে দেয় বলে জানান তিনি।

টেরিবাজার এলাকার দায়িত্বে থাকা কোতোয়ালি থানার এএসআই সাইফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যবসায়ীর প্রতিরোধের মুখে ছিনতাইয়ে সফল হয়নি চারজনের ওই গ্রুপ। তিনজন পালিয়ে গেলেও জনতার হাতে আটক একজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোজার এ সময়টাতে টেরিবাজার, বক্সির হাটসহ আশপাশের এলাকায় কয়েকটি ছিনতাইকারী চক্র সক্রিয় থাকে।

এজন্য সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।