ঈদ পোশাকে অতিরিক্ত মুনাফা ঠেকাতে আসছে অভিযান
ঈদের পোশাকে অতিরিক্ত মুনাফা ঠেকাতে চট্টগ্রাম নগরীর শপিংমলগুলোতে অভিযান শুরু করতে যাচ্ছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার থেকে এ অভিযান শুরু হবে বলে কাপড় ব্যবসায়ী ও শপিংমল ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
পোশাকের অতিরিক্ত দাম ঠেকাতে জেলা প্রশাসন আয়োজিত এ মতবিনিময় সভায় ব্যবসায়ীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, রমজান ও ঈদকে সামনে রেখে কিছু ব্যবসায়ী হঠাৎ ধনী হওয়ার চেষ্টা করে।
“সাধারণ মানুষকে জিম্মি করে গলাকাটা মুনাফা করার সুযোগ আমরা দিতে পারি না। প্রতিটি শপিংমলে অভিযোগ বাক্স রাখবেন, যাতে সাধারণ ক্রেতারা তাদের অভিযোগ দিতে পারে। যে মার্কেটে অভিযোগ বাক্স থাকবে না তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
অতিরিক্ত দাম চাওয়ার ক্ষেত্রে কত টাকায় পোশাকটি কেনা হয়েছে সেটার রশিদ ক্রেতাকে দেখানোর জন্যও ব্যবসায়ীদের অনুরোধ জানান মেজবাহ উদ্দিন।
যারা সৎভাবে ব্যবসা করবে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে জানান তিনি।
“আপনাদের হয়রানি করতে নয়, বার্তা দেওয়ার জন্য আজ এ সভা করছি। আমাদের মনিটরিং টিম কাল থেকে কাজ শুরু করবে। আপনারা নিজ নিজ মার্কেটের দোকানদের সতর্ক করে দেবেন, যাতে কেউ ক্রেতাদের হয়রানি না করে”।
কাঁচাবাজারের স্থিতিশীলতা তুলে ধরে মেজবাহ উদ্দিন বলেন, “ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কাঁচাবাজারে এখন স্বস্তি বিরাজ করছে, যার সুফল সাধারণ মানুষ পাচ্ছে। আমরা চাই সেই স্বস্তি মার্কেটগুলোতেও বিরাজ করুক।”
মতবিনিময় সভায় উন্নয়নকর্মী জেসমিন সুলতানা পারু বলেন, শপিংমলগুলোতে দেখা যায় অনেক সময় বিক্রেতারা ক্রেতাদের উদ্দেশ্যে অশোভন কমেন্ট পাস করেন। সাথে থাকে বখাটেদের উৎপাতও।
এসব বিষয়গুলো নজরদারিতে আনার আহ্বান জানান তিনি।
ঢাকার ইসলামপুরের পর দেশের দ্বিতীয় বৃহত্তম পাইকারি কাপড়ের মার্কেট টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান বলেন, “আমাদের অধীনে ৮৩ টি মার্কেট আছে। তার কোনোটির বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা সমিতির কার্যালয়ে জানালে আমরা ব্যবস্থা নেব। ”
টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খায়রুল ইসলাম দাবি করেন, টেরিবাজারে নগরীর অন্যান্য মার্কেটের তুলনায় অনেক কম দামে পোশাক পাওয়া যায়।
তিনি দুই-তিনগুন দামে কাপড় বিক্রি না করারও আশ্বাস দেন।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুপম সাহা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ, চিটাগাং চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ, ক্যাব চট্টগ্রাম শাখার সভাপতি নাজের হোসেইন, বাংলাদেশ দোকান-মালিক সমিতির চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ছগির আহমদ ও বৃহত্তর চকবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এসএম আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
