২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘না বুঝে’ সমালোচনায় মিজানুর: আইজিপি

চলমান সাঁড়াশি অভিযান নিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান ‘না বুঝে’ সমালোচনা করেছেন বলে মন্তব্য করেছেন আইজিপি এ কে এম শহীদুল হক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2016, 06:19 PM

Updated : 20 Aug 2022, 12:57 PM

রোববার চট্টগ্রামের দামপাড়া মেট্রোপলিটন শুটিং ক্লাবে সুধী সমাবেশে মিজানুর রহমানের বক্তব্যের প্রতিক্রিয়া জানান তিনি।

গত এক বছরে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় লেখক, প্রকাশক, অনলাইন অ্যাকটিভিস্ট, পুরোহিত, যাজক খুনের পর সম্প্রতি চট্টগ্রামে একই কায়দায় খুন হন এক এসপির স্ত্রী।

এই হত্যাকাণ্ডের পর পুলিশ ঘোষণা দিয়ে দেশজুড়ে জঙ্গি দমনে ‘সাঁড়াশি অভিযান’ শুরু করেছে, যাতে কয়েক হাজার গ্রেপ্তার হয়েছে।

পুলিশের এই অভিযানে নিরাপরাধ মানুষও হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ ওঠার প্রেক্ষাপটে মিজানুর রহমানকে উদ্ধৃত করে গণমাধ্যমে প্রকাশিত প্রতিক্রিয়ায় বলা হয়, পুলিশ ক্ষমতার অপব্যবহার করেছে।

পুলিশ প্রধান শহীদুল বলেন, “আজকের পত্রিকায় উনার (মিজানুর) কমেন্ট দেখেন- পুলিশ না কি গ্রেপ্তার বাণিজ্য করছে। উনি (মিজানুর) তথ্য না নিয়ে, না বুঝে, না শুনে একটা কমেন্ট করে দেন।”

Image
মিজানুর রহমান (ফাইল ছবি)

মিজানুর রহমান (ফাইল ছবি)

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর বিভিন্ন সময়ে পুলিশের হয়রানিমূলক নানা তৎপরতার সমালোচনা করেন। তিনি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডেরও কড়া সমালোচক।  

চলমান অভিযানে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও দাবি করেন শহীদুল হক। তিনি বলেন, এই অভিযানে পুলিশের ‘সফলতা আসছে’।

শুক্রবার সকাল থেকে এই অভিযান শুরুর প্রথম ২৪ ঘণ্টায় প্রায় দেড় হাজার জনকে গ্রেপ্তার করা হয়, তার মধ্যে ৩৭ জন জঙ্গি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।