২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিতু হত্যা: ছোরাসহ আটক যুবককে গ্রেপ্তার দেখিয়ে মামলা

চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যাকাণ্ডের প্রতিবাদে চলা মানববন্ধন থেকে ছোরাসহ ‘জঙ্গি’ সন্দেহে আটক যুবককে গ্রেপ্তার দেখিয়ে মামলা করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2016, 07:33 PM

Updated : 20 Aug 2022, 12:56 PM

শনিবার নগরীর কোতোয়ালী থানার এসআই বদরুদ্দোজা বাদী হয়ে অস্ত্র আইনে মামলাটি করেন বলে জানিয়েছেন থানার ওসি জসীম উদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, জিজ্ঞাসাবাদে ইব্রাহীম অসংলগ্ন তথ্য দিচ্ছে। তার আচরণও সন্দেহজনক আছে।

রোববার তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে জানান ওসি জসীম।

শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন চলার সময় মো. ইব্রাহিম নামে ২৩ বছর বয়সী ওই যুবককে আটক করে পুলিশে দেয় মানববন্ধনে আগতরা।

টাঙ্গাইলের কালিহাতি উপজেলার গোয়ালিয়া বাড়ি ইউনিয়নের আবুল বশার খানের ছেলে ইব্রাহিম নিজেকে রিকশা চালক পরিচয় দিলেও তার পোশাক সাধারণ রিকশা চালকদের মত ছিল না।

আটকের সময় তার পরনে ছিল জিন্স, গায়ের গেঞ্জি বেল্টের নিচে ‘ইন’ করা; হাতে ছিল ঘড়ি। তার সঙ্গে ছিল একটি ব্যাগপ্যাক। 

রোববার সকাল পৌনে ৭টায় ছেলেকে স্কুল বাসে তুলে দিতে গিয়ে নগরীর জিইসি মোড়ে যাওয়ার সময় খুন হন চট্টগ্রামে জঙ্গি দমনে বেশ কয়েকটি অভিযানে নেতৃত্বদাতা পুলিশ কর্মকর্তা বাবুলের স্ত্রী মিতু। তাকে ছুরি মেরে ও গুলি করে হত্যা করা হয়।

এর প্রতিবাদে ময়ূরাক্ষী, আলো দেখাবোই, স্বপ্ন ও আগামী  নামের তিনটি ফেইসবুক গ্রপ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে শুক্রবার ওই মানববন্ধনের আয়োজন করে।

এদিকে মিতু হত্যায় জড়িত সন্দেহে আরেকজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

শনিবার সিএমপি কমিশনার ইকবাল বাহার নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকার শীতল ঝর্ণা আবাসিক এলাকা থেকে শাহ জামান ওরফে রবিন (২৮) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত বুধবার হাটহাজারী থেকে আবু নসুর গুন্নু নামে একজনকে গ্রেপ্তার করা হয়, যাকে ইসলামী ছাত্র শিবিরের সাবেক কর্মী বলেছে পুলিশ।

পুরনো খবর:

মিতু হত্যার প্রতিবাদে মানববন্ধনে ছোরাসহ যুবক আটক
এসপিপত্নী হত্যায় জড়িত সন্দেহে যুবক গ্রেপ্তার