২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিতু হত্যার প্রতিবাদে মানববন্ধনে ছোরাসহ যুবক আটক

চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যার প্রতিবাদে মানববন্ধন চলার সময় দুটি ছোরাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2016, 05:58 PM

Updated : 12 Apr 2022, 02:14 AM

শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাব থেকে মো. ইব্রাহিম নামে ২৩ বছর বয়সী ওই যুবককে আটক করা হয় বলে কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন জানান।

ওই যুবক নিজেই রিকশা চালালেও তার পোশাক সাধারণ রিকশা চালকদের মত ছিল না। তার পরনে ছিল জিন্স, গায়ের গেঞ্জি বেল্টের নিচে ‘ইন’ করা; হাতে ঘড়ি। তার সঙ্গে ছিল একটি ব্যাগপ্যাক।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, প্রেসক্লাবের সামনে মানববন্ধন চলার সময় ইব্রাহিম সড়কের উল্টো দিকে রিকশা নিয়ে একাধিকবার ঘোরাফেরা করায় সন্দেহ থেকে টহল পুলিশ তাকে চ্যালেঞ্জ করে।

“চ্যালেঞ্জের পর ইব্রাহিম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে সঙ্গে সঙ্গে আটক করে। পরে রিকশা সার্চ করে একটি ব্যাগে দুটি ছোরা পাওয়া যায়।”

ইব্রাহিমের বাড়ি টাঙ্গাইল জেলায়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।

বাবুলের স্ত্রী মিতুকে গত রোববার সকালে চট্টগ্রাম নগরীর জিইসির মোড়ে ছুরি মেরে ও গুলি করে হত্যা করা হয়। এর প্রতিবাদে ময়ূরাক্ষী, আলো দেখাবোই, স্বপ্ন ও আগামী  নামের তিনটি ফেইসবুক গ্রপ চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে।

এর  অন্যতম আয়োজক ইমতিয়াজ সেজান সানি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা যখন মানববন্ধন করছিলাম তখন রিকশা নিয়ে ওই যুবক কয়েকবার আমাদের সামনে দিয়ে অহেতুক যাওয়া-আসা করে। তার কাছ থেকে ছোরার পাশাপাশি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও পেন ড্রাইভও পাওয়া গেছে।”

মিতুর স্বামী বাবুল আক্তার গত দুই বছর চট্টগ্রামে দায়িত্ব পালনের সময় জঙ্গি দমন অভিযানে দক্ষতার জন্য প্রশংসিত হন।

বাবুল নতুন কর্মস্থলে যোগ দিলেও দুই শিশু সন্তানকে নিয়ে চট্টগ্রামে ছিলেন তার স্ত্রী। ওই দিন সকালে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে গেলে আক্রান্ত হন মিতু। তাকে হত্যার পর তিন জনকে মটরসাইকেলে পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে সিসি ক্যামেরার ফুটেজে।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বুধবার হাটহাজারী থেকে আবু নসুর গুন্নু নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাকে ইসলামী ছাত্র শিবিরের সাবেক কর্মী বলছে পুলিশ।

তবে খুনিদের এখনও শনাক্ত করা যায়নি, নসুর ছাড়া আর কাউকে গ্রেপ্তারও দেখানো হয়নি।

পুরনো খবর:

এসপিপত্নী হত্যা: গ্রেপ্তার নসুর কারাগারে