২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম নগর জামায়াতের রোকন সবুর গ্রেপ্তার

‘গোপন বৈঠকের’ সময় চট্টগ্রাম নগর জামায়াতে ইসলামীর রোকন আব্দুর সবুর ও তার ছেলে শিবিরকর্মী তাসনিম আহমেদ তাহসিনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2016, 05:50 PM

Updated : 20 Aug 2022, 12:51 PM

মঙ্গলবার গভীর রাতে হালিশহরের বসুন্ধরা আবাসিক এলাকার ‘দ্বীপ ম্যানসনের’ বাসা থেকে সবুর ও তার ছেলের সঙ্গে নগর জামায়াতের কার্যালয়ের অফিস সহকারী শহীদুল আলমকেও গ্রেপ্তার করা হয়েছে।

সবুরের ছেলে তাসনিম শিবিরের সাথী বলে বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে জানান নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মোক্তার আহমেদ।

তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।”

গ্রেপ্তাররা আরও কয়েকজনকে নিয়ে নাশকতার পরিকল্পনা করতে গোপন বৈঠক করছিল দাবি করে তিনি বলেন, “ওই বাসায় বিপুল পরিমাণ জিহাদী এবং যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে প্রচারণামূলক বিভিন্ন বই পাওয়া গেছে।”

গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান গোয়েন্দা কর্মকর্তা মোক্তার।