বেতনের দাবিতে পটিয়ায় গার্মেন্টকর্মীদের বিক্ষোভ
বকেয়া বেতন পরিশোধের দাবিতে চট্টগ্রামের পশ্চিম পটিয়ায় রাস্তা আটকে বিক্ষোভ দেখিয়েছেন একটি গার্মেন্টের শতাধিক শ্রমিক।
রোববার দুপুরে কলেজ বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন ‘নিউকন গার্মেন্টস প্রাইভেট লিমিটেড’র শ্রমিকরা।
পটিয়া থানার ওসি রেফায়েত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ৩টার দিকে রাস্তায় নামেন শতাধিক শ্রমিক।
“ঘণ্টাখানেক বেলা চারটার দিকে শ্রমিকদের রাস্তার একপাশে সরিয়ে দিলে অন্যপাশে যান চলাচল শুরু করা হয়।”
শ্রমিকদের অবরোধের কারণে রাস্তার দুই পাশে ব্যাপক যানজট হয় বলে জানান ওসি রেফায়েত।
শিল্প পুলিশের পরিদর্শক মমতাজ উদ্দিন জানান, কোরিয়া ও বাংলাদেশি কয়েকজনের মালিকানায় পরিচালিত কারখানাটিতে তিন শতাধিক শ্রমিক কাজ করেন।
শ্রমিকদের বরাত দিয়ে তিনি বলেন, “শ্রমিকদের তিন মাসের বেতন বকেয়া ছিল। গত ১৫ মে অর্ধেক বেতন দেয়ার পর বাকি টাকা রোববার দেওয়ার কথা ছিল।”
দুপুর পর্যন্ত বেতন পরিশোধ না করায় শ্রমিকরা রাস্তা অবরোধ করেন বলে জানান তিনি।
বিষয়টি নিয়ে আলোচনার জন্য কারখানার মালিকপক্ষের কাউকে না পেয়ে বিজিএমইকে জানানো হয়েছে বলে মমতাজ জানান।
