২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্র বাঁধন হত্যায় চাচাতো ভাইয়ের স্বীকারোক্তি

চট্টগ্রামে স্কুলছাত্র ফিরোজ আলী মল্লিক বাঁধন হত্যায় জড়িত থাকার বিষয় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে তার চাচাতো ভাই হৃদয় আলী মল্লিক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2016, 08:40 PM

Updated : 12 Apr 2022, 02:02 AM

চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলমের আদালতে বুধবার সন্ধ্যায় এ জবানবন্দি নেওয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের এসআই সন্তোষ চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই দিনের রিমান্ড শেষে হৃদয়কে আদালতে হাজির করা হলে সে হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানিয়ে স্বীকারোক্তি দিয়েছে।

নিখোঁজের চারদিন পর গত রোববার বিকালে হৃদয়ের দেখানো নগরীর পাহাড়তলী থানাধীন জহুর আহম্মদ চৌধুরী স্টেডিয়ামের পেছনে চার নম্বর গেইটের অদূরে রূপালী আবাসিক এলাকা সংলগ্ন একটি খাল থেকে স্কুলছাত্র বাঁধনের লাশ উদ্ধার করা হয়।

গত ৪ মে থেকে নিখোঁজ ছিল পিএইচ আমিন একাডেমির অষ্টম শ্রেণির ছাত্র বাঁধন। এসময় বাঁধনের ব্যবহার করা মোবাইল ফোন থেকে তার বাবা ও মাকে এসএমএস দিয়ে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

এ ঘটনায় গত ৪ মে হালিশহর থানা ও শনিবার পাহাড়তলী থানায় আলাদা দুইটি সাধারণ ডায়েরি করেন বাঁধনের বাবা রমজান মল্লিক।

ঘটনার তদন্ত করতে গিয়ে নিখোঁজের চারদিন পর রোববার বাঁধনের চাচাত ভাই হৃদয়কে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে মুক্তিপণের জন্য বাঁধনের বাবা-মাকে ওই ফোন করার কথাও হৃদয় স্বীকার করেছে বলে জানায় পুলিশ।

এসআই সন্তোষ বলেন, জবানবন্দিতে হৃদয় টাকার লোভে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে আদালতে স্বীকার করেছে।

পাশাপাশি নিজের ভুলের কথা স্বীকার করে হৃদয় আদালতে ক্ষমাও প্রার্থনা করেছে বলে জানান মামলার এই তদন্ত কর্মকর্তা।

পুরনো খবর:

টাকার জন্যই স্কুলছাত্র বাঁধনকে হত্যা করে চাচাতো ভাই