২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাকার জন্যই স্কুলছাত্র বাঁধনকে হত্যা করে চাচাতো ভাই

টাকার লোভে চট্টগ্রামের স্কুলছাত্র ফিরোজ আলী মল্লিক বাঁধনকে হত্যার কথা তার চাচাতো ভাই হৃদয় আলী মল্লিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

উত্তম সেন গুপ্ত

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2016, 08:56 PM

Updated : 11 Oct 2022, 08:12 PM

পুরনো খবর:

চট্টগ্রামে স্কুলছাত্র হত্যা: চাচাতো ভাই রিমান্ডে

এ মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের এসআই সন্তোষ চাকমা মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই দিনের রিমান্ড মঞ্জুর হওয়ার পর সোমবার গ্রেপ্তার হৃদয়কে হেফাজতে নেওয়া হয়।

হেফাজতে জিজ্ঞাসাবাদে হৃদয় হত্যার ঘটনাও বর্ণনা দিয়েছে বলে জানান তিনি।    

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য হৃদয়কে বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে পাঠানো হবে বলেও জানান গোয়েন্দা কর্মকর্তা সন্তোষ।

নিখোঁজের চারদিন পর গত রোববার বিকালে হৃদয়ের দেখানো নগরীর পাহাড়তলী থানাধীন জহুর আহম্মদ চৌধুরী স্টেডিয়ামের পেছনে চার নম্বর গেইটের অদূরে রূপালী আবাসিক এলাকা সংলগ্ন একটি খাল থেকে বাঁধনের (১৩) লাশ উদ্ধার করা হয়।

গত ৪ মে থেকে নিখোঁজ ছিল পিএইচ আমিন একাডেমির অষ্টম শ্রেণির ছাত্র বাঁধন। এসময় বাঁধনের ব্যবহার করা মোবাইল ফোন থেকে তার বাবা ও মাকে এসএমএস দিয়ে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে হৃদয়।

এই ঘটনায় গত ৪ মে হালিশহর থানা ও শনিবার পাহাড়তলী থানায় আলাদা দুইটি সাধারণ ডায়েরি করেন বাঁধনের বাবা রমজান মল্লিক।

হৃদয় দিনাজপুর জেলার বাসিন্দা হলেও ঠাকুরগাঁও জেলার বীরগঞ্জ ডিগ্রী কলেজের বিবিএস প্রথম বর্ষের ছাত্র এবং আট মাস আগে তার মা-বাবাসহ চট্টগ্রামে এসেছে বলে পুলিশকে জানিয়েছে।

হৃদয়কে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, টাকা পয়সা নিয়ে হৃদয়ের বাসায় ঝামেলা চলছিল। তার মা টাকা দিলেও তার চাচী (বাঁধনের মা) মাকে বকা দিত।

“এসব ঘটনায় হৃদয় টাকা জোগাড় করে ঢাকায় গিয়ে ব্যবসা করার সিদ্ধান্ত নেয়।”

হৃদয় পুলিশকে আরও জানায়, টাকা জোগাড় করার জন্য সে তার চাচাত ভাই বাঁধনকে অপহরণ ও মুক্তিপণ আদায় করার সিদ্ধান্ত নেয়। সে হিসেবে ৩ মে রাতে ঘুমের ওষুধ সংগ্রহ করে।

পরদিন ৪ মে দুপুরে বাঁধন স্কুল থেকে আসার পর তাকে দিয়ে একটি এনার্জি ড্রিংক আনতে পাঠায়। পরে মোবাইলের কার্ড আনতে দিয়ে সেখানে ১০টি ঘুমের ওষুধ মিশিয়ে বাঁধনকে খেতে দেয়।

“টাইগার এনার্জি ড্রিংক খাওয়ার পর বাঁধন ঘুমিয়ে পড়ে।”  

এসআই সন্তোষ আরও জানান, “বাঁধন ঘুমিয়ে পড়ার পর তাকে গামছা পেচিঁয়ে হত্যা করে এবং বেডশিট মুড়িয়ে একটি বস্তায় ঢোকায় হৃদয়। কেউ সন্দেহ না করার জন্য বস্তার মধ্যে আলু নিয়ে রিকশা যোগে সাগরিকার জহুর আহম্মেদ স্টেডিয়ামের চার নম্বর গেইট সংলগ্ন খালে লাশটি ফেলে দেয়।’’

পরে বাঁধনের ব্যবহার মোবাইল নম্বর থেকে তার মার সাথে কথা বলে এবং এসএমএস দিয়ে দুই লাখ টাকা মুক্তিপণ পাঠানোর কথা বলে।

গোয়েন্দা কর্মকর্তা সন্তোষ বলেন, হৃদয় বাঁধনের মাকে প্রথমে ভাটিয়ারি ও পরে তাকে দিয়ে নিউমার্কেট এলাকায় টাকাগুলো পাঠাতে বলে।

জিজ্ঞাসাবাদকারী কর্মকর্তারা জানান, হৃদয় হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে অনুতপ্ত বলেও পুলিশকে জানিয়েছে।