চট্টগ্রামে স্কুলছাত্র হত্যা: চাচাতো ভাই রিমান্ডে
চট্টগ্রামে স্কুলছাত্র বাঁধন হত্যার ঘটনায় গ্রেপ্তার তার চাচাতো ভাই হৃদয় আলী মল্লিককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে অনুমতি দিয়েছে আদালত।
সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন গ্রেপ্তার হৃদয়ের দুই দিনের হেফাজত মঞ্জুর করেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিনিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, মামলার তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার হৃদয়কে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।
“আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।”
নিখোঁজের চারদিন পর রোববার বিকালে নগরীর পাহাড়তলী থানাধীন জহুর আহম্মদ চৌধুরী স্টেডিয়ামের পেছনে রূপালী আবাসিক এলাকা সংলগ্ন একটি খাল থেকে পিএইচ আমিন একাডেমির অষ্টম শ্রেণির ছাত্র ফিরোজ আলী মল্লিক বাঁধনের বস্তাবন্দি লাশ উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।
গত ৪ মে থেকে নিখোঁজ ছিল বাঁধন।
এই ঘটনায় পুলিশ বাঁধনের চাচাতো দিনাজপুর বীরগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র হৃদয়কে গ্রেপ্তার করে।
হৃদয়কে আরও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান তদন্ত কর্মকর্তা।
দিনাজপুর সদর থানায় হৃদয়ের বিরুদ্ধে একটি মারামারির মামলা আছে জানিয়ে সন্তোষ চাকমা বলেন, তার বিরুদ্ধে আরও মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
