২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নিখোঁজ ছাত্রের বস্তাবন্দি লাশ

নিখোঁজের চারদিন পর চট্টগ্রামে অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2016, 07:02 PM

Updated : 11 Oct 2022, 08:12 PM

ফিরোজ আলী মল্লিক বাঁধন (১৩) নামে ওই কিশোরকে হত্যার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তার চাচাতো ভাই হৃদয় আলী মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে।

বাঁধন স্থানীয় পিএইচ আমিন একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। আর হৃদয় পড়তেন দিনাজপুরের বীরগঞ্জ ডিগ্রি কলেজে।

রোববার বিকালে নগরীর পাহাড়তলী থানাধীন জহুর আহম্মদ চৌধুরী স্টেডিয়ামের পেছনে চার নম্বর গেইট সংলগ্ন রূপালী আবাসিক এলাকা সংলগ্ন একটি খাল থেকে ওই ছাত্রের লাশটি উদ্ধার করা হয় বলে জানান নগর গোয়েন্দা পুলিশের এসআই সন্তোষ চাকমা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গত ৪ মে থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থী বাঁধন নিখোঁজ ছিল।

“ঘটনা তদন্তে গোয়েন্দা পুলিশের সহায়তা চাওয়া হলে সকালে তার চাচাত ভাই হৃদয় আলী মল্লিককে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা কার্যালয়ে ডেকে আনা হয়। পরে তার দেখিয়ে দেওয়া খাল থেকে পাহাড়তলী থানা পুলিশের একটি দলসহ গিয়ে বাঁধনের বস্তাবন্দি লাশ উদ্ধার করে।”

পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকার চান মিয়া সড়কের সিদ্দিক কমিশনারের বাড়িতে ভাড়া থাকতেন বাঁধনের পরিবার। হৃদয় ও তার বাবাও একই বাসায় থাকতেন।  

হৃদয়ের বাবা রমজান আলী পেশায় রংমিস্ত্রি ও মা ফেন্সী আরা বেগম একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক।

গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাঁধনকে কোনও জায়গায় অপহরণ করে নিয়ে যাওয়া হয়নি। নিজ বাসায় হত্যা করে লাশ গুম করা হয়।”

তিনি আরও বলেন, “গত ৪ মে নিজেদের বাসায় টাইগার এনার্জি ড্রিংকের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে বাঁধনকে অচেতন করে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে হৃদয়।

“টাকার লোভে এবং হৃদয়ের মোবাইলে থাকা কিছু ‘আপত্তিকর ছবি’ বাঁধন দেখে ফেলায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেও সে আমাদের জানিয়েছে।

“বাঁধনকে হত্যা করে বিছানার চাদর দিয়ে মুড়িয়ে লাশ প্লাস্টিকের বস্তায় ঢোকানো হয়েছিল। পরে তার মধ্যে আলু ঢুকিয়ে রিকশা করে খালে ফেলে দেয়।”

বাঁধনের বাবা রমজান আলী মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি এবং তার ভাই এরশাদ আলী মল্লিক এক বাসায়ই থাকেন। পাঁচ থেকে ছয় মাস আগে হৃদয় তার বাবার কাছে আসে।

“বাঁধনকে খুঁজতে প্রথমে হালিশহর থানায় ও পরে পাহাড়তলী থানায় জিডি করি। এসময় হৃদয়ও আমার সঙ্গে থানায় গিয়েছিল।”

গত ৪ মে বাঁধনের বাবা রমজান আলী হালিশহর এবং শনিবার পাহাড়তলী থানায় একটি জিডি করেন।

রমজান বলেন, “বুধবার রাতে বাঁধনের নম্বর থেকে আমার মোবাইলে প্রথম এসএমএস আসে এবং শনিবার সকালে আমার স্ত্রীর মোবাইলে এসএমএস দিয়ে দুই লাখ টাকা দাবি করে। তবে ফোন করা হলে ফোনটি বন্ধ পাওয়া যেত।”

দিনাজপুর সদর উপজেলার বাসিন্দা রমজান আট বছর আগে চট্টগ্রাম আসেন। হৃদয়ের বাবা এরশাদ আলী আগ্রাবাদের একটি এলাকায় নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করেন।