২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিশু অপহরণের দায়ে দুই যুবকের যাবজ্জীবন

চট্টগ্রামে শিশু অপহরণের দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2016, 06:54 PM

Updated : 12 Apr 2022, 02:00 AM

রোববার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক রফিকুল ইসলাম এ রায় দেন।

দণ্ডিত দুই আসামি হলেন- মো. মাহফুজুর রহমান (২৪) ও মো. রাসেল (২০)।

মাহফুজুর রহমান নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট টার্মিনাল এলাকার হোসেন আহমদের ছেলে। রাসেল একই এলাকার মো. রহমতের ছেলে।

দণ্ডিত দুই আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী জেসমিন আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ও ৮ ধারায় করা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করে আদালত।

২০১৪ সালের ৪ অগাস্ট নগরীর কোতোয়ালি থানার ২০ নম্বর রুমঘাটা এসএ চৌধুরী ভিলার নিচতলা থেকে অপহৃত হয় ব্যবসায়ী মো. সাফায়েত হোসেন লিটনের ছেলে ফারহানুল আবিদ ওমর (৬)।

জেসমিন আক্তার বলেন, মাহফুজুর ব্যবসায়ী সাফায়েতের দোকানে কাজ করত। নিয়মিত সে সাফায়েতের বাসা থেকে তার জন্য ভাত নিয়ে দোকানে যেত।

“এভাবে শিশু ওমরের সাথে মাহফুজুরের সখ্যতা হয়। ঘটনার দিন চিপস-চকলেট খাওয়ানোর কথা বলে ওমরকে ঘরের বাইরে নিয়ে যায়।”

পরে ওমরকে অপহরণের পর মোবাইল ফোনে সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করে মাহফুজুরে ও রাসেল। মুক্তিপণের টাকা না দিলে শিশুটিকে হত্যারও হুমকি দেওয়া হয়।

ঘটনার পরদিন ২০১৪ সালের ৫ অগাস্ট শিশু ওমরের বাবা লিটন বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় মামলা করেন।

পরে নগরীর বায়েজিদ বোস্তামি থানার চালিতাতলী এলাকার জঙ্গলে অভিযান চালিয়ে অপহৃত শিশু এবং দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার ১৩ জন সাক্ষীর মধ্যে আট জনের সাক্ষ্যগ্রহণ শেষে রোববার আদালত এই রায় দেয়।