২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের হরতালে চট্টগ্রাম নগরীতে অবস্থান নেবে আ. লীগ

যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় পুর্নবিবেচনার আবেদন খারিজের পর জামায়াতে ইসলামীর ডাকা হরতালে ‘নাশকতা ও নৈরাজ্য’ রুখতে চট্টগ্রাম নগরীর ২৩টি স্থানে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2016, 08:56 PM

Updated : 20 Aug 2022, 12:39 PM

শনিবার সন্ধ্যায় নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকশানা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

এতে বলা হয়, নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী যুদ্ধাপরাধীর বিচারের রায়কে কেন্দ্র করে যে কোনো ধরনের অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানিয়েছেন।

আওয়ামী লীগ, ১৪ দল ও মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে রোববার সকাল ১০টায় দলীয় কার্যালয় দারুল ফজল মার্কেট চত্বরে জড়ো হওয়ার জন্য নগর সভাপতি মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন আহ্বান জানিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

সংগঠনের পক্ষ থেকে হরতাল চলাকালে নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে নগরীর ২৩টি স্থান নির্ধারণ করে দলীয় নেতাকর্মীদের অবস্থান নিতে বলা হয়েছে।

নির্ধারিত স্থানগুলো হলো- দারুল ফজল মার্কেট, অক্সিজেন মোড়, মুরাদপুর, কাঠগড়, চেরাগী পাহাড় মোড়, কালামিয়া বাজার, এফআইডিসি রোড, চকবাজার, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, ইপিজেড, দেওয়ানহাট মোড়, বারেক বিল্ডিং মোড়, বড়পোল, ওয়াসার মোড়, বটতলী, অলংকার, বাদামকলী, বন্দরটিলা, কেইপিজেড, রেলক্রসিং, ফকিরহাট ও সিটি গেইট।

যুদ্ধপরাধের ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির নিজামীর দণ্ড পুর্নবিবেচনার আবেদন বৃহস্পতিবার খারিজ হওয়ার পর দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদের নামে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে রোববার সকাল সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার হরতালের বার্তা দেওয়া হয়, যা জামায়াতের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

হরতালের বার্তা আসার পর ইতোমধ্যে চলমান এইচএসসি ও সমমানে রোববারের পরীক্ষা পিছিয়েছে দেশের শিক্ষাবোর্ডগুলো।