চট্টগ্রামে টেম্পো উল্টে নিহত ১
চট্টগ্রামের টাইগারপাস এলাকায় টেম্পো উল্টে এক যাত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত অলক বড়ুয়ার বয়স ২৭ বছর। তার বিস্তারিত পরিচয় পুলিশ জানাতে পারেনি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগ্রাবাদ থেকে চকবাজারগামী ওই টেম্পোর চালক টাইগারপাস এলাকায় নিয়ন্ত্রণ হারান। এতে টেম্পোটি আইল্যান্ডে ধাক্কা খেয়ে উল্টে যায় এবং টেম্পোযাত্রী অলক গুরুতর আহত হন।
সকাল ১০টার দিকে অলককে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে পঙ্কজ বড়ুয়া জানান।
