২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছিনতাইয়ের পর বোমা-গুলি: ২ যুবকের জেল-জরিমানা

চট্টগ্রাম নগরীতে ছিনতাইয়ের পর হাতবোমা ও গুলি ছোড়ার অভিযোগে ১৬ বছর আগে দায়ের মামলায় দুই যুবককে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2016, 08:03 PM

Updated : 20 Aug 2022, 12:33 PM

বুধবার চট্টগ্রামের জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক বিশেষ জেলা ও দায়রা জজ সৈয়দা হোসনে আরা তাদেরকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেন। 

দণ্ডপ্রাপ্ত শাহাদাত হোসেন ও মো. শাহজাহান মামলায় জামিনে ছাড়া পাওয়ার পর থেকে পলাতক বলে জানান ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদেরকে ১০ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

জরিমানার ওই অর্থ না দিলে তাদেরকে আরও তিন মাস করে কারাদণ্ড ভোগ করতে হবে বলেও আদেশে বলা হয়েছে।

আদালত সূত্র জানায়, ২০০০ সালের ১৫ নভেম্বর নগরীর ঈদগাঁও এলাকায় অটোরিকশায় আসা ছিনতাইকারীরা এক নারীর কাছ থেকে চেইন ছিনতাই করে পালিয়ে যায়।

স্থানীয়রা ছিনতাইকারীদের ধাওয়া করলে আগ্রাবাদ বাদামতলী এলাকায় তাদের ছোড়া হাতবোমায় পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং গুলিতে এক পথচারী আহত হন।

এ ঘটনায় অস্ত্রসহ আটক দুই ছিনতাইকারীর বিরুদ্ধে ডবলমুরিং থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি এবং ছিনতাইয়ের অভিযোগে আরেকটি মামলা হয়।

পুলিশ তদন্ত শেষে অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলায় অভিযোগপত্র জমা দিলে ২০০৬ সালের ১০ অক্টোবর আদালত অভিযোগ গঠন করে।

পিপি জাহাঙ্গীর বলেন, মামলায় রাষ্ট্রপক্ষের ১০ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তাদেরকে ১০ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছে।