২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জব্বারের বলী খেলায় নতুন চ্যাম্পিয়ন উখিয়ার শামছু

দশবারের চ্যাম্পিয়ন দিদার বলীকে হারিয়ে চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলী খেলার ১০৭তম আসরের চ্যাম্পিয়ন হয়েছেন উখিয়ার শামছু বলী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2016, 08:07 PM

Updated : 11 Oct 2022, 08:08 PM

সোমবার লালদীঘি মাঠে কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে রামুর দিদার বলীর সঙ্গে ৩৩ মিনিট লড়াইয়ের পর ‘কৌশলগত’ দিক বিবেচনায় শামছুকে জয়ী ঘোষণা করেন বিচারক।

সেমিফাইনালে ২০১২ সালের চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ার অলি বলীকে মাত্র ৩৮ সেকেন্ড ধরাশায়ী করে ফাইনালে উঠেন শামছু। আর ২০১৪ সালের রানারআপ নারায়ণগঞ্জের হাবিবুর রহমানকে তিন মিনিটে পরাজিত করে ফাইনালে উঠেছিলেন দিদার।

ফাইনালের শুরু থেকে দর্শকরা দুইভাগে বিভক্ত হয়ে শামছু ও দিদারের পক্ষে স্লোগান দিতে থাকে। দিদার বেশ কয়েকবার শামছুকে ধরাশায়ী করার চেষ্টা করেও পারেননি। দিদার শক্তির বহিঃপ্রকাশ ঘটালেও প্রথম থেকেই শামছু ছিলেন কৌশলী।

২৫ মিনিট পরও ফলাফল না আসায় ১০ মিনিট সময় নির্ধারণ করে দিয়ে এর মধ্যে ফলাফল না হলে ‘কৌশলগত’ ভাবে যিনি এগিয়ে থাকবেন তাকেই বিজয়ী করা হবে বলে ঘোষণা দেয় আয়োজক কমিটি।

এরপর ৩৩ মিনিটের মাথায় কোনো ফলাফল না হওয়ায় খেলা বন্ধ করে প্রধান বিচারককে প্রধান অতিথির কাছে নিয়ে যাওয়া হয়।

প্রধান অতিথি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে কথা বলে বিচারক আব্দুল মালেক শামছুকে নতুন চ্যাম্পিয়ন ঘোষণা করেন।

Image
চ্যাম্পিয়ন শামছু বলী

চ্যাম্পিয়ন শামছু বলী

তবে শামছুকে চ্যাম্পিয়ন ঘোষণা করার বিষয়টি সহজভাবে মেনে নেননি দিদার বলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এভাবে খেলার ফলাফল ঘোষণা করা দুঃখজনক।

নিজের কৌশলকে সঠিক দাবি করে দিদার বলেন, “দীর্ঘদিন ধরে খেলায় অংশ নিয়ে আসছি আমি। শেষ দিকে এসে খেলা সমাপ্ত না করে একজনকে জয়ী ঘোষণা করাকে আমি মেনে নিতে পারিনা।”     

২০০২ সালে উখিয়ার ছিদ্দিক বলীর সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়ন হন দিদার। এরপর ২০০৪ থেকে ২০০৬ এবং ২০০৮ ও ২০০৯ সালে খাগড়াছড়ির মর্ম সিংয়ের সাথে যৌথ চ্যাম্পিয়ন হন।

২০০৭ সালে মর্ম সিংকে পরাজিত করেন প্রথম এককভাবে জয়ের স্বাদ পান দিদার।

মাঝে ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত বহিস্কার ছিলেন দিদার। ২০১৩ সালে পুনরায় অংশ নিয়ে ২০১৫ সাল পর্যন্ত টানা চ্যাম্পিয়ন ছিলেন দিদার।   

খেলা শেষে চ্যাম্পিয়ন শামছুকে নগদ ২০ হাজার টাকা ও ট্রফি তুলে দেন মেয়র নাছির।

রানারআপকে ১৫ হাজার টাকা নগদ ও ট্রফি দেওয়া হয়। এছাড়া প্রথম রাউন্ডে জয়ী প্রত্যেককে ক্রেস্ট ও এক হাজার টাকা করে দেওয়া হয়।

এসময় বিশেষ অতিথি চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার ইকবাল বাহারও উপস্থিত ছিলেন।

এবছর জব্বারের বলী খেলার ১০৭তম আসরে মোট ৯৭ জন বলী অংশ নেন, যার মধ্যে ষাটোর্ধ্ব কয়েকজন বলীও ছিলেন। এবারের সর্বকনিষ্ঠ বলী ছিলেন নগরীর মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র সানি দাশ গুপ্ত।

ব্রিটিশবিরোধী আন্দোলনে যুবকদের উদ্বুদ্ধ করতে ১৩০৬ বঙ্গাব্দের ১২ বৈশাখ এই বলী খেলার আয়োজন করেন স্থানীয় আব্দুল জব্বার সওদাগর।

এরপর থেকে বৈশাখ মাসের ১২ তারিখ অনুষ্ঠিত হয় এই বলী খেলা ও তিনদিনের বৈশাখী মেলা।

লালদিঘী মাঠের আশপাশে প্রায় দুই কিলোমিটার জুড়ে বসে মেলা, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা তাদের পসরা নিয়ে বসেন।