তরুণীর সঙ্গে ‘ছবি’ তুলে টাকা আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৫
চট্টগ্রামে এক ব্যবসায়ীকে আটকে ‘আপত্তিকর ছবি’ তুলে টাকা আদায়ের অভিযোগে তরুণীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মহিম আজম চৌধুরী (২১), অনন্য বড়ুয়া রনি (২০), মো. সুমন গাজী (২১), মো. মিজান (২৪) ও জেসমিন আক্তার জুঁই (২০)।
তাদের মধ্যে প্রথম তিনজন নগরীর একটি বেসরকারি কলেজের শিক্ষার্থী এবং মিজান ও জুঁই স্বামী-স্ত্রী বলে পুলিশকে জানিয়েছে।
ওসি মহসিন বলেন, পূর্ব পরিচয়ের সূত্রধরে গত ১৩ এপ্রিল বায়েজিদ বোস্তামী এলাকার এক ব্যবসায়ীকে ডেকে নিয়ে চকবাজার থানার জিইসি মোড় এলাকায় একটি বাসায় নিয়ে যায় গ্রেপ্তার পাঁচজন।
“বাসায় নিয়ে ওই ব্যবাসীয়কে আটকে রেখে প্রথমে অস্ত্র দিয়ে এবং পরে ওই তরুনীর সাথে ‘আপত্তিকর ছবি’ তুলে রাখে।”
এসময় ওই ব্যবসায়ীর কাছে থাকা ১৯ হাজার টাকা নিয়ে আরও পাঁচ লাখ টাকা দাবি করে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, “দফারফা করে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা দিয়ে ছাড়া পায় ওই ব্যবসায়ী।”
ছাড়া পাওয়ার পর ওই ব্যবসায়ী বিষয়টি বায়েজিদ বোস্তামী থানায় অভিযোগ করলে পুলিশ তদন্তে নামে এবং জিইসি মোড়ের ওই বাসাসহ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
রিপন নামে এক যুবক চক্রটির ‘হোতা’ জানিয়ে ওসি বলেন, তাকেসহ আরও একজনকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
