২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাঠবোঝাই ট্রাকে ৯০ হাজার ইয়াবা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের চন্দনাইশে একটি কাঠ বোঝাই ট্রাক থেকে ৯০ হাজার ইয়াবা উদ্ধারের পর চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2016, 07:14 PM

Updated : 12 Apr 2022, 01:53 AM

গ্রেপ্তার ট্রাক চালক মো. সেলিম ও তার সহকারী ইয়াছিন মিয়ার বাড়ি কক্সবাজারের টেকনাফে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) হাবিবুর রহমান জানান, চন্দনাইশ উপজেলা সদরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে মঙ্গলবার ভোরে ট্রাকটি আটকের পর বুধবার বিকাল পর্যন্ত তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

চট্টগ্রামের এএসপি (পটিয়া সার্কেল) শামীম হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমকে জানান, বড় কাঠ নিয়ে ট্রাকটি টেকনাফ থেকে ঢাকা যাচ্ছিল। আগে থেকে খবর পেয়ে মঙ্গলবার ভোরে সেটি আটক করা হয়।

এসময় তল্লাশি করে চালকের আসনের বালিশের ভেতর থেকে দুই হাজার ইয়াবা পাওয়া যায়।

পুলিশ কর্মকর্তা শামীম আরও বলেন, ট্রাকটিতে আরও ইয়াবা আছে এমন খবর থাকায় ট্রাক থেকে সবগুলো গাছ নামিয়ে ফেলা হয়। বুধবার বিকাল পর্যন্ত ট্রাকটি তল্লাশি করে ‘বডিতে’ বিশেষ ভাবে রাখা অবস্থায় আরও ৮৮ হাজার ৫০০ ইয়াবা উদ্ধার করা হয়।

এই ঘটনায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এই এএসপি।