গয়নার দোকান লুটে সন্দেহভাজন দুই জন র্যাবের গুলিতে নিহত
চট্টগ্রামের মিরসরাইয়ে গয়নার দোকান লুটের ঘটনায় সন্দেহভাজন দুই ডাকাত র্যা বের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
সোমবার ভোরে উপজেলার মুহুরি প্রোজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে বলে র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিনের ভাষ্য।
তিনি বলছেন, নিহত ইয়াকুব আলী ও মো. কামরুল হাসান গত ২৬ ফেব্রুয়ারি বারৈয়াহাটের শামীম জুয়েলার্সে ডাকাতির ঘটনায় জড়িত ছিলেন।
এই র্যাব কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুহুরি প্রোজেক্ট এলাকায় ‘একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে’- এমন খবরে র্যাবের একটি দল সেখানে অভিযানে যায়।
“র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলির মধ্যে ইয়াকুব ও কামরুল নিহত হয়।”
র্যাব অধিনায়ক বলছেন, গোলাগুলির পর ‘অন্য ডাকাতরা পালিয়ে গেলে’ তারা ঘটনাস্থল থেকে চারটি পিস্তল, দুটি দোনলা ও একটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটার গান এবং ডাকাতিতে ব্যবহৃত হয় ‘এমন বিভিন্ন সরঞ্জাম’ উদ্ধার করেছেন।
২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় বারৈয়াহাট বাজারের মসজিদ মার্কেটে ‘শামীম জুয়েলার্সে’ ডাকাতির ঘটনা ঘটে।
ওই দোকানের মালিক শাহাবুদ্দিন সে সময় পুলিশকে বলেছিলেন, ডাকাতরা মাইক্রোবাস ও মোটরসাইকেলে করে এসে দোকানে ঢুকে অস্ত্রের মুখে সাড়ে তিনশ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়।
ডাকাতি শেষে পালানোর সময় তাদের ফাটানো হাতবোমায় এক স্কুলছাত্রসহ দুজন আহত হন সেদিন।
র্যাব অধিনায়ক মিফতা উদ্দিন বলেন, ডাকাতির পর শামীম জুয়েলার্স থেকে সংগ্রহ করা সিসিটিভি ফুটেজে ইয়াকুব ও কামরুলকে দেখেছেন তারা।
এদের মধ্যে এয়াকুবের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়ায়। আর কামরুল ঢাকার মিরপুরের ছেলে বলে র্যাব-৭ (সিপিসি-১) ফেনী ক্যাম্পের পরিচালক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান।
তিনি বলেন, গোলাগুলির সময় তিন র্যাব সদস্যও ‘আহত হয়েছেন’। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। গোলাগুলির ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে র্যাব।
