সোনা লুটে পালানোর সময় বোমার বিস্ফোরণ, আহত ২
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একটি গহনার দোকানে হানা দিয়ে স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে একদল ডাকাত।
ডাকাতির পর পালানোর সময় তাদের ফাটানো হাতবোমায় এক স্কুলছাত্রসহ দুজন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় মিরসরাইয়ের জোরারগঞ্জের বারৈয়াহাট বাজারে এ ঘটনা ঘটে বলে জোরারগঞ্জ থানার ওসি জাহেদুল কবির জানান।
বাজারের মসজিদ মার্কেটের ‘শামীম জুয়েলার্সে’ ডাকাতি হয় বলে জানান তিনি।
ওই জুয়েলার্সের মালিক শাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাগরিবের নামাজের সময় দুর্বৃত্তরা আমার দোকানে হামলা চালায়। তারা দোকান থেকে অন্তত সাড়ে তিনশ ভরি স্বর্ণালঙ্কার লুট করেছে।”
ডাকাতরা মাইক্রোবাস ও মোটরসাইকেলে করে এসেছিল বলে প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান।
শাহাবুদ্দিন বলেন, ডাকাতির পর পালিয়ে যাওয়ার সময় তারা হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এতে বাজারের ব্যবসায়ী শাহাজান ও স্কুলছাত্র অনিক আহত হন।
আহত দজুনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে ওসি জাহিদুল কবির বলেন, “বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ডাকাতদের ধরার চেষ্টা চলছে।”
