বর্ষবরণে নতুন সাজে চট্টগ্রামের শিরিষ তলা
পহেলা বৈশাখে চট্টগ্রাম নগরীর সিআরবি ‘শিরিষ তলায়’ বর্ণাঢ্য আয়োজনে বরণ করা হবে বাংলা নতুন বছর ১৪২৩।
সিআরবি এলাকার চারপাশে ঘেরা পাহাড়ের মাঝে খালি মাঠে শতবর্ষী শিরিষ গাছের তলায় এ নিয়ে অষ্টমবারের মত ‘অগ্নি স্নানে সূচি হোক ধরা’ শ্লোগানে নব আঙ্গিকে হতে যাচ্ছে বর্ষবরণের এ আয়োজন।
নববর্ষ উদযাপন পরিষদ চট্টগ্রামের সহ-সভাপতি কামরুল হাসান বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সকাল ৮টায় বেহালা বাদনের মধ্য দিয়ে শুরু হবে বর্ষবরণের আয়োজন।
“বিকেল ৩টায় হবে সাহাবুদ্দিনের বলী খেলা। এছাড়া চট্টগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী আয়োজনে গান, আবৃত্তি, নাচসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেবে।”
কোনো দেশীয় বা বিদেশি প্রতিষ্ঠানের স্পন্সর ছাড়াই পরিষদের নিজস্ব উদ্যোগে প্রতিবার এ বর্ষবরণ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
২০১৫ সাল থেকে পাল্টে গেছে সিআরবি এলাকার দৃশ্যপট।
রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে সিআরবিকে সাজানো হয়েছে নতুন সাজে।
সেখানে গত বছর করা হয়েছে স্থায়ী মঞ্চ। আর চারপাশ ঘেরা পাহাড়ের ঢালে বসানো হয়েছে স্থায়ী আসন।
সিআরবি এলাকায় স্থায়ী মঞ্চ হওয়ায় বর্ষবরণ অনেক সুসংগঠিতভাবে করা সম্ভব হচ্ছে বলে মন্তব্য করেন আয়োজক পরিষদের সহ-সভাপতি কামরুল হাসান বাদল।
তিনি বলেন, স্থায়ী মঞ্চ হওয়ায় অনুষ্ঠান আয়োজন ভালোভাবে করা যাচ্ছে। পাশাপাশি দর্শক ধারণ ক্ষমতাও বেড়েছে।
