চট্টগ্রামে ভেজাল ভ্যাকসিন দেওয়ায় জরিমানা
নাম ‘আর্ত-চেতনা মানবিক উন্নয়ন সংস্থা, অথচ কাজ হল হেপাটাইটিস-বি ভ্যাকসিন ক্যাম্পের নামে ‘স্বউদ্ভাবিত ভেজাল’ ভ্যাকসিন দেওয়া।
সোমবার চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার নন্দন কানন থেকে এরকম একটি ক্যাম্পে হানা দিয়ে এরকম ভেজাল ভ্যাকসিন জব্দের পর ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এর কিছুদিন আগে নগরীর গোলাম রসুল মার্কেটে একই সংস্থাকে একই অভিযোগে জরিমানা করা হয়েছিল।
অভিযানে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভ্রাম্যমাণ আদালতকে ফাঁকি দিতে ক্যাম্পে আইসবক্সে হেপাটাইটিস-বি ভ্যাকসিন অপসোনিন কোম্পানির হেপা-বি রাখা হলেও টিকা নিতে আসা মানুষকে দেওয়া হচ্ছিল ভেজাল স্বউদ্ভাবিত সানভেক্স-বি নামের নামগোত্রহীন ভ্যাকসিন।
এসব ভ্যাকসিনের বিপণনকারীরা নিজেরা ক্যাম্পে অনুপস্থিত থেকে ভাড়া করা নার্স দিয়ে এসব ক্যাম্পেইন পরিচালনা করে আসছে জানিয়ে তিনি বলেন, “ফলে মূলহোতাদের আটক করা যায় না। তবুও আমরা ক্যাম্পের দায়িত্বে থাকা চারজনকে ৬০ হাজার টাকা জরিমানা করেছি।”
টিকা নিতে সন্তান ও স্ত্রীকে নিয়ে ক্যাম্পে যাওয়া সুনীত চৌধুরী ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এভাবে ঠকব বুঝতে পারিনি। আমার দুই সন্তান ও স্ত্রীকে টিকা দিতে এরা আমার কাছ থেকে এক হাজার ৫০ টাকা নিয়েছে।”
ক্যাম্পে প্রায় দুইশ লোক টিকা নিতে এসেছিল জানিয়ে সুনীত বলেন, “ভ্রাম্যমাণ আদালত না আসলে বুঝতেই পারতাম না যে ভেজাল টিকা দে্ওয়া হচ্ছে আমার স্ত্রী ও সন্তানদের।”
ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, “ভেজাল ভ্যাকসিনের মূল হোতাদের বের করতে আমরা চেষ্টা করছি।”
