চট্টগ্রামে এনজিও’র টিকাদান কর্মসূচিতে ভেজাল ভ্যাকসিন জব্দ
আর্ত মানবতার সেবার নামে পরিচালিত এক এনজিও সংস্থার ‘হেপাটাইটিস বি’ টিকাদান কর্মসূচিতে অভিযান চালিয়ে ভেজাল ভ্যাকসিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার নগরীর কোতোয়ালির তিনপুলের মাথা এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।
রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সানবেক্স-বি নামের বেনামী ভ্যাকসিন দিয়ে টিকাদান কর্মসূচি পরিচালনা করছিল ‘আর্ত-চেতনা মানবিক উন্নয়ন সংস্থা’ নামের একটি এনজিও।
“কানাডা থেকে আমদানি করা বলা হলেও আমদানির সপক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেনি বেসরকারি এ সংস্থাটি।”
টিকাদান কর্মসূচিতে একজন মেডিকেল অফিসারের উপস্থিতি বাধ্যতামূলক হলেও কোনো মেডিকেল অফিসার ছিলেন না জানিয়ে ম্যাজিস্ট্রেট বলেন, “এমনকি যারা ইনজেকশন পুশ করছিল তাদের এ বিষয়ে কোনো প্রশিক্ষণ ছিল না।”
‘আর্ত-চেতনা মানবিক উন্নয়ন সংস্থার কর্মসূচিতে যে ভ্যাকসিন দেওয়া হচ্ছিল এ ধরনের কোনো ভ্যাকসিনের অনুমোদন নেই বলে জানান ওষুধ প্রশাসনের প্রতিনিধি মাখনুওন তাবাসসুম ও শেখ আহসানুল্লাহ।
সিভিল সার্জন প্রতিনিধি ডা. মো. ওয়াজেদ চৌধুরী অভি ও ডা. মো. নুরুল হায়দার বলেন, তারা এ ধরনের কোন ভ্যাকসিনের নাম শুনেননি কখনো।
ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান, সংশ্লিষ্ট এনজিওর কর্মী আবদুল করিমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের আগে ৫০ জনকে ওই ভেজাল টিকা দেওয়া হয় বলে এনজিওটির নিবন্ধন বই ঘেটে জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
