২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়নের সবকিছু আমাদের পক্ষে: বাণিজ্যমন্ত্রী

অর্থনৈতিক উন্নয়নের সবকিছু এখন বাংলাদেশের পক্ষে আছে বলে মনে করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2016, 09:00 PM

Updated : 11 Oct 2022, 07:54 PM

পুরনো খবর:

ময়লা সংগ্রহে ঘরে ঘরে যাব: মেয়র নাছির

শুক্রবার ২৪তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার (সিআইটিএফ) উদ্বোধনী অনুষ্ঠানে দেশের অর্থনৈতিক অগ্রগতির বিভিন্ন তথ্য তুলে ধরে তিনি বলেন, “সবকিছু আমাদের পক্ষে। যারা রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করে বাংলাদেশকে পেছনে ফিরিয়ে নিতে চেয়েছিল তারা পরাজিত হয়েছে।”

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে বাণিজ্যমন্ত্রী বলেন, “তিনি বলেছিলেন শেখ হাসিনার পতন না হলে ঘরে ফিরবেন না। তিনি ঘরে ফিরেছেন; শেখ হাসিনা বহাল তবিয়তে ক্ষমতায় রয়েছেন।

“তিনি চেয়েছিলেন অগণতান্ত্রিক সরকার। জাতীয় নির্বাচনে তারা যায়নি। আজকে সেই বিএনপি মেয়র নির্বাচন করেছে ধানের শীষ নিয়ে। এখন ইউপি র্নিবাচনও করছে ধানের শীষ নিয়ে। তারা তাদের ভুল বুঝতে পেরেছে।”

২০১৯ সালের আগে সংসদ নির্বাচনের কোনো সম্ভাবনা নেই জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য বলেন, সেই নির্বাচনে বিএনপি সম্ভবত অংশগ্রহণ করবে। কারণ বিএনপি ভুল বুঝতে পেরেছে। তারা ভঙ্গুর বিএনপিতে পরিণত হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা দিয়ে গেছেন- একথা উল্লেখ করে তোফায়েল বলেন, “তার নির্দেশে একাত্তরের মার্চ মাসে পাকিস্তানের এই অংশ পরিচালিত হয়েছে। যে নেতা বলেছিলেন, একদিন বাংলার ভাগ্যের নিয়ন্তা বাঙ্গালিদের হতে হবে। এই মার্চেই বাঙ্গালি তার ভাগ্যের নিয়ন্তা হয়েছে।”

একাত্তরের মার্চের স্মৃতিচারণ করে তিনি বলেন, “এই মাসেই আলোচনা ব্যর্থতায় পর্যবসিত হয়। বঙ্গবন্ধু জানতেন, ইয়াহিয়া খান সময় নিচ্ছে। তিনি আমাদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছিলেন। আমরা প্রস্তুতি গ্রহণ করেছি।”

বঙ্গবন্ধু সতর্ক নেতা ছিলেন মন্তব্য করে তোফায়েল বলেন, তিনি কখনও আক্রমণকারী হতে চাননি। তিনি চেয়েছিলেন বাংলাদেশকে আক্রমণ করা হোক। তখন তিনি পাল্টা আক্রমণ করবেন। বিশ্বের জনমত তার পক্ষে আসবে।

Image
২৪তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার (সিআইটিএফ) একটি স্টলে দর্শনার্থীরা।

২৪তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার (সিআইটিএফ) একটি স্টলে দর্শনার্থীরা।

Image
২৪তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার (সিআইটিএফ) একটি স্টলে দর্শনার্থীরা।

২৪তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার (সিআইটিএফ) একটি স্টলে দর্শনার্থীরা।

“তাই ইয়াহিয়া খান যখন আক্রমণ করল। অপারেশন সার্চ লাইটের নামে ২৫ শে মার্চের শেষ প্রহরে, ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির জনক স্বাধীনতার ঘোষণা দিলেন। এবং চট্টগ্রামের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সে দায়িত্ব পালন করেছিল।”

বাণিজ্যমন্ত্রী বলেন, যে বাংলাদেশের স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছেন, সে বাংলা তিনি স্বাধীন করেছেন। কিন্তু আরেকটি স্বপ্ন তিনি পূরণ করে যেতে পারেননি। বাংলাদেশকে তিনি শোষণহীন, সুজলা-সুফলা সোনার বাংলায় রূপান্তরিত করতে চেয়েছিলেন।

“বঙ্গবন্ধুর অবর্তমানে সেই কাজটিই করে চলেছেন বঙ্গবন্ধুর রক্ত যার ধমনীতে, সেই রক্তের উত্তরাধিকার জননেত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে দ্রুত গতিতে বাংলাদেশ এগিয়ে চলেছে।”

নগরীর পলো গ্রাউন্ডে মেলার উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, বন্দর-পতেঙ্গা আসনের সাংসদ এম এ লতিফ ও চেম্বার পরিচালক সৈয়দ জামাল আহমদ।