২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সেতুর গার্ডার ধস: নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কের বোয়ালখালী খালের ওপর সেতু ভাঙার সময় গার্ডার ধসে শ্রমিক নিখোঁজের একদিন পর তার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2016, 03:36 PM

Updated : 11 Oct 2022, 07:51 PM

পুরনো খবর:

বোয়ালখালীতে সেতুর গার্ডার ধস, ২৪ ঘণ্টা পরও শ্রমিক নিখোঁজ

নিহত মো. হাশেম (২৮) নগরীর বায়েজিদ থানার ভবন ভাঙা ও লোহাকাটা শ্রমিক লীগের সদস্য। তিনি নওগাঁ সদর উপজেলার চক নদীকূল গ্রামের আবদুল গফুরের ছেলে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কালুরঘাট স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা পূর্ণচন্দ্র মুতসুদ্দী জানান, মঙ্গলবার দুপুরে জোয়ারের পানি নেমে যাওয়ার পর নিখোঁজ এই শ্রমিক লাশ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কে বোয়ালখালী ও পটিয়া উপজেলার মাঝামাঝি বোয়ালখালী খালের উপর পরিত্যক্ত মিলিটারি পুল ভাঙার সময় রোববার বিকাল ৫টার দিকে একটি গার্ডার ভেঙে আট শ্রমিক নিচে পড়ে যায়।এ সময় অন্যরা উঠতে পারলেও নিখোঁজ ছিলেন হাশেম।

Image
মো. হাশেম (ফাইল ছবি)

মো. হাশেম (ফাইল ছবি)

সোমবার পর্যন্ত তার সন্ধ্যান না পাওয়ায় বিকালে হাশেমের সন্ধানে নামে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এই বাহিনীর কর্মকর্তা পূর্ণচন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত তল্লাশি করেও হাশেমের লাশের সন্ধান পাওয়া যায়নি।

“সকালে জোয়ারের পানি কমে যাওয়ার পর খালে কচুরিপানা ও ময়লার ভেতর হাশেমের লাশ দেখতে পাওয়া যায়।”

গার্ডারের রড হাশেমের বাম হাতের হাঁড় ছিদ্র হয়ে আটকে ছিল জানিয়ে পূর্ণচন্দ্র বলেন, “যার কারণে লাশটির কোনো নড়াচড়া ছিল না।”