বোয়ালখালীতে সেতুর গার্ডার ধস, ২৪ ঘণ্টা পরও শ্রমিক নিখোঁজ
চট্টগ্রামের আরাকান সড়কের বোয়ালখালী খালের ওপর একটি সেতু ভাঙার সময় গার্ডার ধসে এক শ্রমিক নিখোঁজের ২৪ ঘণ্টা পরও তার সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ শ্রমিক মো. হাশেম (২৮) নগরীর বায়েজিদ থানার ভবন ভাঙা ও লোহাকাটা শ্রমিক লীগের সদস্য। তিনি নওগাঁ সদর উপজেলার চক নদীকূল গ্রামের আবদুল গফুরের ছেলে।
রোববার বিকাল ৫টার দিকে এই গার্ডার ধসের প্রায় ২৪ ঘন্টা পর সোমবার বিকালে ওই শ্রমিকের সন্ধানে বোয়ালখালী খালে ফায়ার সার্ভিসের ডুবুরি নেমেছে বলে জানান চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল মালেক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার বিকাল ৫টার পর খালে স্রোত কমেছে, ডুবুরি নামানো হয়েছে। খোঁজ পাওয়া গেলে আপনাদের জানাব।”
চট্টগ্রাম মহানগর ভবন ভাঙা ও লোহাকাটা শ্রমিক লীগের সভাপতি সৈয়দ ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাশেমসহ নয়জন শ্রমিক সেতুর গার্ডার ভাঙার কাজ করছিল। হঠাৎ বিকট শব্দে গার্ডার ভেঙে পড়ে।
“এ সময় খালে জোয়ারের স্রোত ছিল। আটজন শ্রমিক সাঁতরে উঠে অসে। হাশেম উঠতে পারেনি। সে স্রোতে ভেসে গেছে না কী গার্ডারের নিচে চাপা পড়েছে- তা নিশ্চিত নই।”
তবে ঘটনার পর থেকে হাশেমের খোঁজ মিলছে না বলে জানান এই শ্রমিক নেতা।
“রোববার বিকালে একটি গার্ডার ধসে পানিতে পড়ে যায়। শ্রমিকরা খোঁজাখুঁজি করেও হাশেমকে না পেয়ে রাতে থানায় আসে।”
ঠিকাদারি প্রতিষ্ঠানকে গার্ডার তোলার ক্রেন জোগাড় করতে বলেছিলেন জানিয়ে ওসি বলেন, “হাশেম সেখানে চাপা পড়েছে কি না তা গার্ডার সরানোর পরই বোঝা যাবে।”
