২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে ধর্মগুরু হত্যার বিচারের দাবি জানিয়েছে ইসকন

পঞ্চগড়ে পুরোহিত হত্যাসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বিভিন্ন হামলার বিচার দাবি করেছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2016, 09:09 PM

Updated : 20 Aug 2022, 11:57 AM

বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান প্রতিষ্ঠানটির নেতারা।

দেশ থেকে সংখ্যালঘু সম্প্রদায়কে ‘বিতারিত’ করতে এই ধরনের হামলা ঘটছে বলে দাবি করে বিষয়টি সরকার ‘গুরুত্বের সঙ্গে বিবেচনা’ করছেনা বলে সম্মেলনে অভিযোগ করেন ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক চিম্ময় কৃষ্ণ দাস।

গত ২১ ফেব্রুয়ারি পঞ্চগড়ের দেবীগঞ্জে সোনাপোতা গ্রামের সন্তগৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের চারদিন পর এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ইসকন।

লিখিত বক্তব্যে চিম্ময় কৃষ্ণ দাস বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন মন্দির ও গীর্জায় হামলা সংখ্যালঘু সম্প্রদায়কে দেশ থেকে বিতাড়িত করার ইঙ্গিত বহন করে।

১৯৬০ সালে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের লোক ২৩ শতাংশ হলে বর্তমানে এই সংখ্যা ৭ দশমিক ৫ শতাংশে এসে দাঁড়িয়েছে দাবি করে তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার পরপর ‘ঢাকঢোল পিটিয়ে’ তদন্ত কমিটি করা হলেও তা কিছুদিন পর হারিয়ে যায়।

“হত্যাকারী ও হামলাকারীদের বিচার না হওয়ায় এই ধরনের ঘটনা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।”

হামলায় জড়িতদের বিচারে সরকারের নিষ্ক্রিয়তা রয়েছে অভিযোগ করে চিন্ময় বলেন, “জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) বাংলাদেশে এ ধরনের কার্যক্রম চালাচ্ছে দাবি করলেও সরকার বিষয়টি উপেক্ষা করছে।”

সুমন চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনে কেন্দ্রীয় জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কান্তি দাশ, সাবেক সাধারণ সম্পাদক চন্দন তালুকদার চট্টগ্রাম হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্ঠান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিতাই প্রসাদ ঘোষ, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিদ্যালাল শীল উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

পঞ্চগড়ে ধর্মগুরু হত্যাকাণ্ডেও আইএসের দায় স্বীকারের খবর
পঞ্চগড়ে হিন্দু ধর্মগুরুকে ‘কতল’