আসামি ধরতে গিয়ে ‘মার খেল’ পুলিশ
চট্টগ্রামের হালিশহরে মাদকসহ দুই মামলার এক আসামিকে ধরতে অভিযানে গিয়ে ‘তার স্বজনদের হামলায়’ আহত হয়েছেন পাঁচ পুলিশ সদস্য।
হালিশহর থানার ওসি প্রণব চৌধুরী জানান, মঙ্গলবার রাতে রুঙ্গিপাড়া পদ্মা আবাসিক এলাকায় এ ঘটনার পর ওই আসামি ও তার বাবাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- মো. সোহেল (২৬) ও তার বাবা মো. জাহেদ আলম ওরফে কালা মিয়া (৫৫)।
সোহেল মাদক ও পুলিশের উপর হামলার আগের এক ঘটনায় পরোয়ানাভুক্ত আসামি বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সোহেলকে গ্রেপ্তার করতে রাতে পুলিশ তার বাড়িতে যায়।
“এ সময় সোহেলের স্বজনরা পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশকে লক্ষ্য করে ইট ও ঘরে থাকা কাচের ‘শোপিস’ ছুড়ে মারে। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সোহল ও তার বাবাকে গ্রেপ্তার করা হয়।”
এ ঘটনায় বুধবার সকালের দিকে আরও দুজনকে আটকের খবর জানালেও তাদের নাম-পরিচয় বলেননি ওসি।
আহত পুলিশ সদস্যরা হলেন- হালিশহর থানার এসআই মিজানুর রহমান, আফসার উদ্দিন ও মো. জমির এবং এএসআই মো. জহির ও জাকির হোসেন।
হামলাকারীদের ছোড়া ঢিলে তারা আহত হন। সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে প্রণব চৌধুরী জানান।
