২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিবৃতি দিয়ে লতিফকে ‘বাঁচানোর’ চেষ্টা চলছে: সুজন

বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগের মুখে থাকা চট্টগ্রামের সংসদ সদস্য এম এ লতিফকে ‘বাঁচানোর’ চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন নগর আওয়ামী লীগের এক নেতা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2016, 07:04 PM

Updated : 20 Aug 2022, 11:54 AM

শনিবার দুপুরে চট্টগ্রাম সিনিয়র’স ক্লাবে ‘জাগ্রত ছাত্র যুব জনতা’ আয়োজিত সংবাদ সম্মেলনে সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

লতিফের ‘পরামর্শদাতারা’ আওয়ামী লীগেরই লোক এবং ‘পাওয়ার পলিটিক্সের চাপে’ তারা বিভিন্ন সময় দলে ঢুকে পড়েছে বলেও মন্তব্য করেন সাবেক ছাত্রলীগ নেতা সুজন।

সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চের আগে লতিফের বিরুদ্ধে করা মামলার বিচার শেষ করতে জাগ্রত ছাত্র যুব জনতার পক্ষ থেকে আদালতের প্রতি আহ্বান জানানো হয়।

খোরশেদ আলম সুজন বলেন, “এতোদিন চট্টগ্রাম চেম্বার ও ওয়ার্ল্ড ট্রেড সেন্টার জালিয়াতের কবলে ছিল। এবার জালিয়াতের কবলে পড়েছে বঙ্গবন্ধুর ছবি। যখন গণমাধ্যম উনার (লতিফ) ও বঙ্গবন্ধুর প্রকৃত ছবি পাশাপাশি ছেপেছে তখন স্বীকার করল মূল ছবিটি তার।

“একবার সংবাদ সম্মেলন করে দুঃখ প্রকাশ করলেন, সেখানেও ভনিতা ছিল। পরে রাতে ডিজাইনারকে ডেকে নিয়ে ‘ট্রিটমেন্ট’ দিয়ে পরদিন আবার সংবাদ সম্মেলন করেন। জজ মিয়া বানানোর জন্য তাকে (ডিজাইনারকে) হাজির করা হয়।”

লতিফের পক্ষে সাত সাংসদের বিবৃতির বিষয়ে জানতে চাইলে সুজন বলেন, “উনার (লতিফ) বিচার হওয়া দরকার। কিন্তু উনাকে বাঁচানোর চেষ্টা চলছে।

“দলে সব মতের লোক আছে। আপনারা তো বোঝেন, পাওয়ার পলিটিক্সের চাপে অনেকে দলে ঢুকে পড়তে পারে। তবে বঙ্গবন্ধুর ছবি বিকৃতিকে কেউ সমর্থন করেনি। যারা তার সাথে আছে তারাও বিবৃতিতে বিকৃতির বিরুদ্ধে বলেছে।”

সুজন বলেন, পত্রিকায় দেখেছি বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান বলেছেন- তিনি জানতেন না তিনি কোথায় স্বাক্ষর করেছেন। আরেকজন বলেছেন, তিনি জানতেন না কেন তাকে ডাকা হয়েছে।

“যারা লতিফকে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির বুদ্ধি দিয়েছে তারাই তাকে বিপদে ফেলতে মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে জিডি করার পরামর্শ দিয়েছে।”

বঙ্গবন্ধুর ছবি বিকৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় এবং মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ‘দ্রুতগতিতে’ জিডি নেওয়ায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এই আওয়ামী লীগ নেতা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সচিব আবদুর রহিম জিল্লু।

ফেব্রুয়ারি মাসজুড়ে নগরীর ওয়ার্ডে ওয়ার্ডে ভাষা শহীদদের স্মরণ সভায় বঙ্গবন্ধুর ছবি বিকৃতিকারীর বিরুদ্ধে এক মিনিট গণধিক্কার এবং ৫ মার্চ পর্যন্ত গণস্বাক্ষর সংগ্রহের কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত নগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য মশিউর রহমান চৌধুরী, নগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম এটলী, যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ ও মাহবুবুল হক সুমন, প্রয়াত আওয়ামী লীগ নেতা জহুর আহমদ চৌধুরীর ছেলে শরফুদ্দিন চৌধুরী রাজু, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম ও ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ ইমু।