কুকুর লেলিয়ে হিমু হত্যা: পলাতক ড্যানি গ্রেপ্তার
কুকুর লেলিয়ে ছাদ থেকে ফেলে শিক্ষার্থী হিমাদ্রী মজুমদার হিমু হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকা থেকে অভিযোগপত্রভুক্ত আসামি মাহবুব আলম ড্যানিকে (২৫) গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশের পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার আসিফ মহিউদ্দিন।
ড্যানি পাঁচলাইশ আবাসিক এলাকার ৪ নম্বর রোডের আহমদ আলীর ছেলে।
২০১২ সালের ২৭ এপ্রিল পাঁচলাইশে একটি বাড়ির ছাদে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে দেওয়া হয় চট্টগ্রামের সামার ফিল্ড স্কুল অ্যান্ড কলেজের ‘এ’ লেভেলের শিক্ষার্থী হিমাদ্রীকে।
হিমাদ্রী মজুমদার হিমু
২৬ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২৩ মে রাজধানীর একটি হাসপাতালে মারা যান হিমু।
এ ঘটনায় তার মামা বাদী হয়ে পাঁচলাইশ থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
অন্যান্য আসামি বিভিন্ন সময়ে গ্রেপ্তার হলেও পলাতক ছিলেন তিন নম্বর আসামি ড্যানি।
মামলাটি বর্তমানে যুক্তিতর্ক শুনানির পর্যায়ে রয়েছে।
গ্রেপ্তারের পর ড্যানিকে চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলামের আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বলে জানান বাদী পক্ষের আইনজীবী অনুপম চক্রবর্তী।
