২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শতবর্ষ উদযাপনে চট্টগ্রাম চেম্বারের পাঁচ দিনের আয়োজন

শতবর্ষ উদযাপন উপলক্ষে পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিস।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2016, 06:51 PM

Updated : 20 Aug 2022, 11:42 AM

বুধবার দুপুরে বন্দর নগরীতে এ ‍উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পাঁচ দিনের কর্মসূচি তুলে ধরেন চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।

আগামী ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিনের আয়োজনের প্রথম দিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বন্দর স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে লাইট অ্যান্ড সাউন্ড শো।

এতে চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সম্মেলন থেকে জানানো হয়।

পরদিন শুক্রবার চেম্বার নেতারা একটি বৈঠকে মিলিত হবেন।

এরপর শনিবার বিকাল ৩টায় চেম্বার নির্মিত চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃতীয় দিনের এই আয়োজনে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদও উপস্থিত থাকবেন।

চতুর্থ দিন রোববার সকালে চট্টগ্রামের পাঁচ তারকা র‍্যাডিসন ব্লু হোটেলে থাকছে একটি ‘বিজনেস কনফারেন্সে’, যাতে প্রধান অতিথি হিসেবে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল উপস্থিত থাকবেন বলে জানান আয়োজকরা।

একই দিন বিকালে ‘ইয়ুথ কনফারেন্সে’ প্রধান অতিথি থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

পঞ্চম দিন সোমবার সকালে রাঙ্গামাটির আরণ্যক কটেজে ‘ইকো ট্যুরিজম’ শীর্ষক আয়োজনে প্রধান অতিথি হিসিবে উপস্থিত থাকবেন চট্গ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। ওই দিন বিকালের অধিবেশনে প্রধান অতিথি হিসেবে থাকবেন নৌমন্ত্রী শাজাহান খান।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯০৬ সালে চট্টগ্রামের ব্যবসায়ীদের সংগঠন হিসেবে চেম্বারের যাত্রা শুরু হয়। ১৯৫৯ সালে এটি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিস নামকরণ করা হয়।

“চেম্বারের বর্তমান বয়স ১১১ বছর। একটু বিলম্বে এখন আমরা শতবর্ষ উদযাপন করছি।”

শতবর্ষ পূর্তি উপলক্ষে চট্টগ্রাম চেম্বারের লোগো পরিবর্তন করা হয়েছে। চেম্বারের নতুন লোগো লাল-সবুজ ও হলুদ রঙের ঈগল। এর আগে লোগোটি ছিল চাকার ভেতর পানিতে ভাসমান জাহাজ।