২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১০ লাইটারেজকে জরিমানা, ডক ইয়ার্ড সরানোর নির্দেশ

অনুমতি ছাড়া চলাচল ও অতিরিক্ত পণ্য পরিবহনসহ কয়েকটি অভিযোগে ১০টি লাইটার জাহাজকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2016, 06:17 PM

Updated : 12 Apr 2022, 01:17 AM

সোমবার কর্ণফুলী নদীর শাহ আমানত সেতু এলাকায় পরিচালিত এ অভিযানে চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম নেতৃত্ব দেন।

অভিযানে অতিরিক্ত পণ্য পরিবহন, মাস্টার ও ড্রাইভারের সনদ না থাকা, নিরাপত্তা সরঞ্জাম না থাকা, অগ্নি নির্বাপণ যন্ত্র না থাকা এবং বে ক্রসিং এর অনুমতি না নেওয়ায় ১০ লাইটারেজকে মোট দুই লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া কর্ণফুলীর তীরে অবৈধভাবে নির্মিত নূর-এ-মদীনা নামের একটি ডক ইয়ার্ডের মালিক হাজী শেখ আহম্মদকে দুই লাখ টাকা জরিমানা এবং পাঁচ দিনের মধ্যে ইয়ার্ডটি খালি করার নির্দেশ দেওয়া হয়।

ম্যাজিস্ট্রেট আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবৈধভাবে ডক ইয়ার্ড পরিচালনা করে বন্দরের রাজস্ব ফাঁকি দেওয়ায় দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি এর অফিস সিলগালা করে কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

জরিমানা করা ১০ লাইটারেজের মধ্যে এমভি কিং অব নারিসাকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা, ওটি হিল্টনকে ৪০ হাজার টাকা এবং এমভি গোলাপ-৫, এমভি নির্ঝর-৩ ও এমভি আল ইত্তেহাদকে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া এমভি আল বাহারকে ২৫ হাজার টাকা এবং এমভি মায়ের আদেশ, এমভি বিউটি অব মতলব, ওটি সুফলা-১ ও এমভি মনোয়ার জহিরকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।