২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিমানযাত্রীর কাছে ড্রোন, স্টানগান

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ‘ড্রোন’ ও ‘সিকিউরিটি স্টানগানসহ’ দুবাইফেরত এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2016, 01:24 PM

Updated : 11 Oct 2022, 07:38 PM

পুরনো খবর:

ড্রোন নীতিমালা হচ্ছে

মো. সোলায়মান (৩২) নামের ওই যুবকের স্বজনরা দাবি করেছেন, ভাতিজার জন্য খেলনা হিসেবে ওগুলো এনেছিলেন তিনি।

চট্টগ্রামের পটিয়া উপজেলার কালারপুল এলাকার এই ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুবাই থেকে শাহ আমানত বিমানবন্দরে নেমেছিলেন সোলায়মান। তার সঙ্গে পাওয়া ড্রোন ও স্টানগান পরীক্ষার পর বুধবার তা প্রকাশ করে শুল্ক গোয়েন্দা বিভাগ।

শুল্ক গোয়েন্দা বিভাগের উপ-পরিচালক জাকির হোসেন সাংবাদিকদের বলেন,বিমানবন্দরে নামার পর সোলায়মানকে বারবার জিজ্ঞেস করা হলেও তিনি দাবি করেছিলেন যে তার কাছে আমদানি নিষিদ্ধ বা ঘোষণাবহির্ভূত কোনো পণ্য নেই।

“কিন্তু তার ব্যাগ স্ক্যান করে একটি ড্রোন ও একটি সিকিউরিটি স্টানগান পাওয়া যায়। উদ্ধার ড্রোনটিতে ২ দশমিক ৪ গিগাহার্টজের ট্রান্সমিটার ও শক্তিশালী ক্যামেরা রয়েছে। সিকিউরিটি স্টানগানটি এক মিলিয়ন ভোল্ট ক্ষমতাসম্পন্ন।”

তিনি জানান, জব্দ করা ড্রোন ও সিকিউরিটি স্টানগানটি পরীক্ষা করে নিশ্চিত হওয়ার পরই সোলায়মানকে গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন সহকারী রাজস্ব কর্মকর্তা জহির আলী।

Image
সোলায়মানের কাছে পাওয়া স্টানগান

সোলায়মানের কাছে পাওয়া স্টানগান

Image
গ্রেপ্তার মো. সোলায়মান

গ্রেপ্তার মো. সোলায়মান

এদিকে সোলায়মানের বোনজামাই মো. সাহেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এগুলো তিনি ভাতিজার জন্য খেলনা হিসেবে এনেছেন।

“যেটাকে ড্রোন বলা হচ্ছে সেরকম রিমোট দেওয়া খেলনা দেশেও পাওয়া যায়। এটাতে শুধু বাড়তি ক্যামেরা আছে।”

সাহেদ দাবি করেন, বিমানবন্দরে কর্মকর্তাদের সঙ্গে তর্কাতর্কি করায় সোলায়মানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হোসাইন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিশ্চিত করেছেন সিকিউরিটি স্টানগানটি দিয়ে কয়েক সেকেন্ড কোনো ব্যক্তির শরীরে শক দেওয়া হলে তিনি অজ্ঞান হয়ে যাবেন। এতে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে।

“এছাড়া ড্রোনটি কোনো ব্যক্তি বা সন্ত্রাসীদের হাতে পড়লে তাতে জন ও রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এসব বিষয় নিশ্চিত হওয়ার পরই তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।” 

সম্প্রতি বাংলাদেশে ড্রোন ওড়ানোর বিষয়ে নীতিমালা করার কথা জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), যার আওতায় রয়েছে শিশুদের দূর নিয়ন্ত্রিত খেলনা উড়োজাহাজও।

খসড়া ওই নীতিমালায় বলা হয়েছে, সামরিক বাহিনী ছাড়া অন্য যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যে কোনো স্থানে ড্রোন ব্যবহার করতে চাইলে বেবিচকের অনুমতি নিতে হবে। যেসব স্থানে বিমানবন্দর নেই, সেখানে বেবিচক ও স্থানীয় পুলিশ প্রশাসনের অনুমতি নিয়ে ড্রোন ব্যবহার করতে হবে।

এছাড়া বাংলাদেশে শিশুদের খেলনা উড়োজাহাজ আমদানি করার ক্ষেত্রেও বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নেওয়ার নিয়ম রয়েছে।

এর মধ্যেও গত বছর ঢাকার শাহজালাল বিমানবন্দরে তিন মাসের মধ্যে ৩৮টি ড্রোন আটকের খবর এসেছে গণমাধ্যমে।