২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ জানুয়ারি ‘মুক্তিযুদ্ধে শহীদ দিবস’ পালনের দাবি

দেশব্যাপী ১৬ জানুয়ারি ‘মুক্তিযুদ্ধে শহীদ দিবস’ পালনের দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করা একটি সংগঠন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2016, 10:22 PM

Updated : 20 Aug 2022, 11:34 AM

বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবে ‘বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট-চট্টগ্রাম’ এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায়।

ট্রাস্টের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, “১৯৭২ সালের ১৬ জানুয়ারি মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় শোক দিবস পালন করা হয়েছিল। এরপর গত ৪৪ বছরে আর কখনো দিবসটি পালন করা হয়নি।”

মুক্তিযুদ্ধে শহীদদের একটি সরকারি তালিকা হলে সংখ্যা নিয়ে ভবিষ্যতে কেউ আর বিতর্ক সৃষ্টি করতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।

মাহফুজ বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শহীদদের তালিকা করার উদ্যোগ নিলেও পরে বিএনপি সরকার এসে তা বন্ধ করে দেয়।

“দেশব্যাপী সরকারি উদ্যোগে প্রতি বছর ১৬ জানুয়ারি মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এ দিবস পালন করা হলে শহীদদের তালিকা করাও সহজতর হবে বলে মনে করি।”

সংবাদ সম্মেলনে ট্রাস্টের সদস্য সচিব ফাহিম উদ্দিন আহমদ, সদস্য রইসুল হক বাহার, রাখাল চন্দ্র বণিক প্রমুখ উপস্থিত ছিলেন।      

চট্টগ্রামের মুক্তিযোদ্ধারা মিলে মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট-চট্টগ্রাম প্রতিষ্ঠা করে। এ সংগঠনটি বিভিন্ন অঞ্চলের মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধে সাহায্যকারী, আশ্রয়দাতাসহ বিভিন্ন সময়ের ঘটনা নিয়ে গবেষণা করছে।