চট্টগ্রামে ‘পুলিশি লাঞ্ছনা’র প্রতিবাদে অভিভাবকদের সমাবেশ
চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বর্ধিত ভর্তি ফি ও বেতন ফি প্রত্যাহারের দাবিতে কর্মসূচিতে অভিভাবকদের ‘পুলিশের লাঞ্ছনার’ প্রতিবাদে সংহতি সমাবেশ হয়েছে।
মঙ্গলবার বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় শিক্ষার্থী ও অভিভাবকরা এ সংহতি সমাবেশে অংশ নেয়।
গত ৬ ডিসেম্বর করপোরেশনের পঞ্চম সাধারণ সভায় ২০১৬ শিক্ষাবর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বেতন-ফি বাড়ানোর সিদ্ধান্ত হয়। সে হিসেবে ৪৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে মাসিক বেতন ৮০ থেকে বাড়িয়ে ১৫০, অষ্টম শ্রেণিতে ৮০ থেকে ১৬০ টাকা, নবম ও দশম শ্রেণিতে ১০০ থেকে বাড়িয়ে করা হয় ২০০ টাকা; সঙ্গে প্রতি শ্রেণিতে ভর্তির ফিও বাড়ানো হয়।
এর আগে গত বছরের জুন থেকে চসিক পরিচালিত ১৯টি কলেজে বর্ধিত ফি কার্যকর হয়।
বেতন-ভর্তি ফি বাড়ানোর সিদ্ধান্ত হওয়ার পর থেকেই আন্দোলনে থাকা শিক্ষার্থী-অভিভাবকরা রোববার মেয়রকে স্মারকলিপি দিতে গেলে বেশ কয়েকজন অভিভাবক পুলিশের হাতে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ করেন।
এর প্রতিবাদে সংহতি সমাবেশে বক্তারা বলেন, চসিক পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৯০ হাজার শিক্ষার্থীর অধিকার আদায় করতে গিয়ে তারা পুলিশের লাঞ্ছনার শিকার হন।
তারা বলেন, বেতন ও ভর্তি ফি দ্বিগুণ বাড়ানোর সিদ্ধান্তে সাধারণ দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে।
মেয়র আ জ ম নাছির উদ্দিনকে নির্বাচনী ওয়াদা পূরণের আহ্বান জানিয়ে অভিবাবকরা বলেন, বেতন-ভর্তি ফি বাড়ানো সিদ্ধান্ত বাতিলের মাধ্যমে তাকে প্রতিশ্রুতি রক্ষা করতে হবে।
সমাবেশ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তুকির পরিমাণ ও শিক্ষার মান উন্নয়নের আহ্বান জানান তারা।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন শফিউদ্দিন কবির আবিদ, হাসান মারুফ রুমি, নাসির উদ্দিন আহমেদ নাসু, নাসির আব্বাস, বিশুময় দেব, মেজবাহ উদ্দিন, রুমেল, সুমিত চয়ন, তাজনাহার রিপন, লোকেন দে ও শওকত আলী।
