ফি কমানোর দাবি করে ‘পুলিশি লাঞ্ছনা’র শিকার অভিভাবকরা
চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) আওতায় থাকা শিক্ষাপ্রতিষ্ঠানে বর্ধিত বেতন ফি কমানোর দাবিতে মেয়রকে স্মারকলিপি দিতে গিয়ে পুলিশের লাঞ্ছনার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন অভিভাবকরা।
রোববার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অভিভাবকরা লাঞ্ছনার প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে বিশিষ্ট নাগরিকদের নিয়ে সংহতি সমাবেশ করার ঘোষণা দিয়েছে।
সিটি করপোরেশন পরিচালিত স্কুলগুলোর অভিভাবক প্রতিনিধি শিখা দাশ বলেন, “নতুন বছরের জানুয়ারি থেকে সিটি করপোরেশনের স্কুলগুলোতে দ্বিগুণ হারে বেতন বাড়ানোর প্রতিবাদে নানা কর্মসূচি পালন করে আসছি আমরা।”
তারই অংশ হিসেবে রোববার সকালে প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে নগর ভবনে মেয়রকে স্মারকলিপি দিতে গেলে বেশ কয়েকজন অভিভাবক পুলিশের লাঞ্ছনার শিকার হয় বলে তার অভিযোগ।
এসময় পুলিশ এক শিক্ষার্থীর ডিএসএলআর ক্যামেরা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করেন তিনি।
শিখা বলেন, “আমাদের অবস্থানের কারণে গাড়ি চলাচল বা পথচারীদের কোনো সমস্যা না হলেও পুলিশ অতর্কিতভাবে এসে জোরপূর্বক অভিভাবকদের গায়ে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়।”
তবে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, অভিভাবকদের পক্ষে দুজন প্রতিনিধি সিসিসির কর্মকর্তার মাধ্যমে মেয়র বরাবর স্মারকলিপি দিয়েছেন।
গত বছর জুনে ১৯টি কলেজের বেতন বৃদ্ধির পর নতুন বছরের প্রথম দিন থেকে সিসিসির ৪৬টি মাধ্যমিক স্কুলে শতভাগ বেতন বৃদ্ধি করে সিসিসি।
বর্ধিত বেতন কমাতে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীসহ অভিভাবকরা।
